Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইস্ট বেঙ্গলের কোচ হাবাস, মোহন বাগানে পানোসই

ইস্ট বেঙ্গলে নতুন কোচ হিসাবে যোগ দিলেন হাবাস। মোহনবাগানে প্যানাজিওটিস ডিম্ফেরিসের দায়িত্ব। ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা। বিস্তারিত পড়ুন।

ইস্ট বেঙ্গলের কোচ হাবাস, মোহন বাগানে পানোসই
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বকাপের মাঝেই সরগরম ঘরোয়া ফুটবল। সোমবার কিছু সময়ের ব্যবধানে নিজেদের নতুন কোচের নাম জানিয়ে দিল কলকাতার দুই প্রধান। মোহন বাগানে সের্গিও লোবেরার বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। নতুন মরশুমে ডাগ-আউটের দায়িত্ব সামলাবেন প্যানাজিওটিস ডিম্ফেরিস। গত মরশুমে পাঞ্জাব এফসি’র কোচ ছিলেন তিনি। তাঁর পাশাপাশি মালয়েশিয়ার সেলাঙ্গর এফসির কোচের সঙ্গেও কথা চালাচ্ছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে ভারতীয় ফুটবলে অভিজ্ঞতা থাকায় দায়িত্ব পেলেন গ্রিক কোচ প্যানাজিওটিসই। এদিন তাঁর মন্তব্য, ‘মোহন বাগান সমর্থকদের প্রত্যাশাপূরণে চেষ্টার ত্রুটি থাকবে না। ট্রফির পাশাপাশি ডার্বি জেতাও লক্ষ্য।’ 

Advertisement

এদিকে, চলতি মরশুমে ইস্ট বেঙ্গলের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ তিনি। এক বছরের চুক্তিতে লেসসি ক্লডিয়াস সরণিতে পা রাখছেন হাবাস। গতবার অস্কার ব্রুজোঁর কোচিংয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ ব্রিগেড। তিনি পাড়ি দিচ্ছেন ইন্দোনেশিয়ায়। পরিবর্তে অভিজ্ঞ হাবাসেই আস্থা রাখল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ কোচের মন্তব্য, ‘ইস্ট বেঙ্গল কোচ হিসাবে গর্বিত। একসঙ্গে কাঁধ মিলিয়ে সাফল্যের জন্য লড়তে হবে।’ একইসঙ্গে হাবাসের ডেপুটি নিযুক্ত হলেন স্পেনের কার্লোস ফনসেকা। এদিন ইস্ট বেঙ্গলের সোশ্যাল সাইটে যাবতীয় ঘোষণা করা হয়। কিন্তু এতদিন পর্যন্ত ইমামি-ইস্ট বেঙ্গলের পেজে তা জানানো হত। তবে কি ধরে নেওয়া যায় গাঁটছড়া ক্লোজড চ্যাপ্টার? লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘কঠিন সময়ে লগ্নিকারী সংস্থা আমাদের পাশে ছিলেন। তবে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থায় ওঁরা ফুটবলে টাকা ঢালতে উৎসাহী নন। কথাবার্তা চলছে। তবে গোল্ডেন হ্যান্ডশেকের আগে যাবতীয় দায় মেটানোর অনুরোধ করা হয়েছে। রাজ্য সরকারের তরফেও তা বলা হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ