Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে রক্ষণ নিয়ে সমস্যায় ইস্ট বেঙ্গল

সোমবার ঘরোয়া লিগের মিনি ডার্বিতে মুখোমুখি ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিং। ম্যাচটি প্রথমে হওয়ার কথা ছিল বারাসত স্টেডিয়ামে। তবে প্রশাসনিক কারণে ভেন্যু বদলে তা হবে কল্যাণী স্টেডিয়ামে।

মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে রক্ষণ নিয়ে সমস্যায় ইস্ট বেঙ্গল
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ঘরোয়া লিগের মিনি ডার্বিতে মুখোমুখি ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিং। ম্যাচটি প্রথমে হওয়ার কথা ছিল বারাসত স্টেডিয়ামে। তবে প্রশাসনিক কারণে ভেন্যু বদলে তা হবে কল্যাণী স্টেডিয়ামে। একসময় এই ম্যাচ ঘিরে ময়দানে উত্তেজনার পারদ চড়ত। যদিও বর্তমানে অনেকটাই নিয়মরক্ষার হয়ে উঠেছে এই লড়াই। তবু দুই দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপার সিক্সের প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ড্র করেছে ইস্ট বেঙ্গল। অন্যদিকে, ভবানীপুরকে হারিয়ে শেষ ছয়ের অভিযান শুরু করেছে মহমেডান স্পোর্টিং। চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে গেলে দুই দলের কাছেই এই ম্যাচ কার্যত ‘মাস্ট উইন’।

Advertisement

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রক্ষণ নিয়ে সমস্যায় ইস্ট বেঙ্গল। ইন্টার রেলের খেলা থাকায় ডিফেন্ডার চাকু মাণ্ডিকে এই ম্যাচেও পাওয়া যাবে না। পাশাপাশি অসুস্থ মায়ের পাশে থাকতে বাড়ি ফিরেছেন জোসেফ জাস্টিন। অঙ্কন ভট্টাচার্যও অফিস খেলায় ব্যস্ত। ফলে মনোতোষ চাকলাদারের পাশে স্টপগ্যাপ ডিফেন্ডার হিসাবে সোমনই ভরসা। এই অবস্থায় ইসরাফিল দেওয়ানদের আক্রমণ সামলাতে নতুন করে রণকৌশল সাজাতে হবে লাল-হলুদ কোচ অর্চিষ্মান বিশ্বাসকে। ডার্বিতে চোট পেয়ে মিনি ডার্বিতে খেলতে পারবেন না মনোতোষ মাঝি। তবে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন বিজয় মুর্মু। তন্ময় দাসের সঙ্গে তাঁর বোঝাপড়া বেশ ভালো। তবে চিন্তা থাকছে আক্রমণভাগ নিয়ে। চলতি ঘরোয়া লিগে উঠতি প্রতিভা হিসাবে নজর কেড়েছেন আকাশ হেমব্রম। তবে তিনি বক্স স্ট্রাইকার নন। মহম্মদ বিলাল চেষ্টা করলেও সাপোর্ট পাচ্ছেন না। অন্যদিকে, কোচ বদলের পরও ছন্দ ধরে রেখেছে মহমেডান স্পোর্টিং। গত ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে দারুণ ফুটবল উপহার দিয়েছে সৈয়দ রমন ব্রিগেড। গোল পেয়েছেন ইসরাফিল দেওয়ান ও ফারদিন আলি মোল্লা। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও সেরা পারফরম্যান্স মেলে ধরতে মরিয়া তাঁরা। মূলত উইং প্লে’র উপর ভর করেই আক্রমণ সাজাচ্ছে মহমেডান। মাঝমাঠে মহীতোষ রায় দুরন্ত ফর্মে। চাপে থাকা লাল-হলুদের বিরুদ্ধে ৩ পয়েন্টই লক্ষ্য রেড রোডের পাশের ক্লাবের।
 কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল তিনটেয়। 
সম্প্রচার নাম্বার টেন স্পোর্টস অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ