নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মরশুমে কি ইস্ট বেঙ্গলের কোচের পদে দেখা যাবে অস্কার ব্রুজোঁকে? স্প্যানিশ কোচের ভাগ্য নির্ধারণ করতে বৃহস্পতিবার আলোচনায় বসছেন ক্লাব ও লগ্নিকারী সংস্থার কর্তারা। ইমামি হাউসে লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের বোর্ড মিটিংয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে স্প্যানিশ কোচের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইমামি কর্তা আদিত্য আগরওয়াল। সেখানে আগামী মরশুমে দলের দায়িত্বে থাকা নিয়ে বেশ কিছু শর্ত দেন অস্কার। সেই বিষয়গুলি নিয়েই বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ের আলোচনা করা হবে। একইসঙ্গে আগামী মরশুমে দল গঠন নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা।
আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’তে প্রতিনিধিত্ব করবে ইস্ট বেঙ্গল। তাই দল গঠনের উপর জোর দিচ্ছেন ক্লাব কর্তারা। ইতিমধ্যেই দলের একাধিক ভারতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে। তবে ৩১ মে’র পর বিদেশিরা ফ্রি ফুটবলার। তাই আগামী মরশুমে বিদেশি চয়নের ব্যাপারে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একটা সময় অস্কারের পাশাপাশি মিগুয়েল, কেভিন সিবলেদের থাকা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে দল চ্যাম্পিয়ন হতেই নতুন করে ভাবনা শুরু করেছেন সকলেই। কোচকে ধরে রাখার ব্যাপারে আগেই বিনিয়োগকারী সংস্থাকে প্রস্তাব দিয়েছিলেন ক্লাব কর্তারা। সেই সিদ্ধান্তেই অনড় তাঁরা। যদিও মিগুয়েল ও সিবলের কাছে অন্য ক্লাবেরও প্রস্তাব রয়েছে। তাই এই দুই ফুটবলারের সঙ্গে দ্রুত চুক্তি নবীকরণ করাই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। এছাড়া বেশ কিছু নতুন ফুটবলারকে নিয়েও আলোচনা চলছে। আইএসএলের পাশাপাশি কলকাতা লিগকেও বেশ গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ কর্তারা। ২৫ জুন শুরু ঘরোয়া লিগ। তাই লিগের জন্য দল গঠনে জোর দিতে চান তাঁরা। বৃহস্পতিবারের বোর্ড মিটিংয়ের গুরুত্ব সেজন্যই অনেক।
আইএসএলে কঠিন সময়ে ইস্ট বেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল ইমামি। প্রথম দুই মরশুমে দল সফল না হলেও, অবশেষে আইএসএলে সাফল্যের মুখ দেখে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। গত মরশুমে একটা সময় ইনভেস্টর কর্তাদের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়েছিল লাল-হলুদের। তবে সাফল্য অনেক সমীকরণ বদলে দিয়েছে। আইএসএল জয়ের পর একে অপরকে প্রশংসায় ভরিয়েছিলেন ক্লাব ও ইমামি কর্তারা। এখন দেখার, ভবিষ্যতে ইস্ট বেঙ্গলকে সাফল্য এনে দেওয়ার জন্য লগ্নিকারী সংস্থা কতটা উদ্যোগী হয়।