বিএসএস- ৩ : ইস্ট বেঙ্গল- ৩
বিএসএস- ৩ : ইস্ট বেঙ্গল- ৩
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে থামল ইস্ট বেঙ্গলের বিজয়রথ। সোমবার ঘরের মাঠে বিএসএসের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল লাল-হলুদ ব্রিগেড। বরং বলা ভালো, কোনোক্রমে হার বাঁচাল অর্চিস্মান বিশ্বাসের ছেলেরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে একটা সময় ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিল ইস্ট বেঙ্গল। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তনে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন তন্ময়রা। ম্যাচে ইস্ট বেঙ্গলের তিন গোলদাতা যথাক্রমে বিজয় মুর্মু, মহম্মদ বিলাল ও মনোতোষ মাঝি। বেহালার ক্লাবটির হয়ে জোড়া লক্ষ্যভেদ শ্লোক তিওয়ারির। অপর গোলটি সুকুরাম সর্দারের। ঘরের মাঠে পয়েন্ট খোয়ালেও ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল ইস্ট বেঙ্গল। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট পেয়েও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নামল ভবানীপুর।
এদিন ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে পড়ে ইস্ট বেঙ্গল। বক্সের বাঁদিক থেকে সেন্টার ধরে সহজেই বল জালে জড়ান বিএসএসের শ্লোক (১-০)। গোলের মুহূর্তে মনোতোষ চাকলাদার ও চাকু মাণ্ডির মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। পিছিয়ে পড়ে কিছুটা গা ঝাড়া দেয় ইস্ট বেঙ্গল। ১৫ মিনিটে আকাশ হেমব্রমের শট কোনোক্রমে বিপন্মুক্ত করেন বিএসএস গোলরক্ষক অভিজিৎ কর। তবে ৩১ মিনিটে আকাশের ঠিকানা লেখা সেন্টার থেকে হেডে ইস্ট বেঙ্গলের হয়ে ম্যাচে সমতা ফেরান বিজয় (১-১)। যদিও মিনিট সাতেকের মধ্যেই ফের গোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। এবারও চাকুর ভুল থেকে বল জালে জড়ান শ্লোক (২-১)।
প্রবল বৃষ্টি। তার উপর ইস্ট বেঙ্গল মাঠের বেহাল দশা। মাঠের বিভিন্ন জায়গায় জমতে থাকে জল। তার মধ্যেই খেলা চালিয়ে যান রেফারি শোভন রায়। তবে ৪০ মিনিটে বজ্রপাতের কারণে অবশেষে খেলা বন্ধ করতে বাধ্য হন তিনি। প্রায় আধঘণ্টা পর ফের শুরু হয় খেলা। প্রথমার্ধে অবশ্য স্কোরলাইনে আর কোনো পরিবর্তন ঘটেনি। তবে বিরতির পর ফের রক্ষণের ব্যর্থতায় গোল হজম করে ইস্ট বেঙ্গল। এবার বিএসএসের হয়ে জাল কাঁপান সুকুরাম সর্দার (৩-১)। এদিনের পারফরম্যান্সের পর গ্যালারিতে উঠল প্রশ্ন, আর কবে বড়ো হবেন চাকু মান্ডিরা?
দু’গোলে পিছিয়ে পড়তেই উত্তম হাঁসদার পরিবর্তে মহম্মদ বিলালকে মাঠে নামান লাল-হলুদ কোচ। তরুণ এই কেরালাইট ফরোয়ার্ডের গোলে ব্যবধান কমায় ইস্ট বেঙ্গল (৩-২)। আর সংযোজিত সময়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জাল কাঁপিয়ে দলের হার বাঁচান মনোতোষ মাঝি (৩-৩)। শেষদিকে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে পুরো পয়েন্ট পেতেই পারত ইস্ট বেঙ্গল।
ইস্ট বেঙ্গল: রৌণক, বাজ, জোসেফ, চাকু, মনোতোষ (অঙ্কন/দিলীপ), তন্ময়, রিকি (অনন্থু), আকাশ (দেবাদথ), বিজয়, মনোতোষ ও উত্তম (বিলাল)।