Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ই-কেওয়াইসি হয়নি! গ্যাস সংযোগ ‘ব্লক’ করার নির্দেশ কেন্দ্রের

যাঁরা রান্নার গ্যাসের ই-কেওয়াইসি এখনো সম্পন্ন করেননি, তাঁদের গ্যাস সংযোগ ব্লক করতে চলেছে পেট্রলিয়াম মন্ত্রক।

ই-কেওয়াইসি হয়নি! গ্যাস সংযোগ ‘ব্লক’ করার নির্দেশ কেন্দ্রের
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাঁরা রান্নার গ্যাসের ই-কেওয়াইসি এখনো সম্পন্ন করেননি, তাঁদের গ্যাস সংযোগ ব্লক করতে চলেছে পেট্রলিয়াম মন্ত্রক। সূত্রের খবর, গত দুবছরের বেশি সময় ধরে ই-কেওয়াইসিতে জোর দেওয়ার পরও দেশের প্রায় ৩ কোটি ১৬ লক্ষ গ্রাহক সেই কাজ সম্পন্ন করেননি। তাঁরা যতক্ষণ না ই-কেওয়াইসি প্রক্রিয়া শেষ করছেন, ততক্ষণ গ্যাস সংযোগটি চালু থাকবে না। যদি কেউ তারপরও সিলিন্ডার চান, তাহলে তাঁকে মুচলেকা দিতে হবে, তিনি কোনো ভরতুকি নেবেন না। তবেই ভরতুকিবিহীন দরে তাঁকে সিলিন্ডার সরবরাহ করা হবে। সিলিন্ডারের ভরতুকিবিহীন দর কত হবে, তা এখনো জানায়নি কেন্দ্র। এলপিজি ডিস্ট্রিবিউটরদের ধারণা, আগামী মাস, অর্থাৎ অক্টোবরে এই নিয়ম চালু করতে পারে কেন্দ্র। 

Advertisement

পেট্রলিয়াম মন্ত্রকের দাবি, সাধারণ মানুষ ব্যাংক অ্যাকাউন্টে যে ভরতুকি পান (কলকাতায় তা ১৯.৫৭ টাকা), তার বাইরেও গৃহস্থের ১৪.২ কেজির সিলিন্ডারে মোটা টাকা ভরতুকি দেওয়া হয়। গ্রাহক তা জানতে পারেন না। পেট্রলিয়াম মন্ত্রক রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, কেওয়াইসি না-হওয়া গ্যাস সংযোগগুলিতে সরকারি কোষাগারের চাপ বাড়িয়ে কোনো ভরতুকিই আর দেওয়া হবে না। এক্ষেত্রে দুটি নিদান দিয়েছে তারা। প্রথমত, যেখানে ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, সেখানে গ্যাস সংযোগ ব্লক করতে হবে। এরপর যখন গ্রাহক ই-কেওয়াইসি প্রক্রিয়া শেষ করবেন, তখন তাঁর সংযোগ ফের চালু করা হবে এবং তারপর থেকে তিনি গৃহস্থের দরে সিলিন্ডার পাবেন। অর্থাৎ সব রকমের ভরতুকি চালু হবে। দ্বিতীয় ক্ষেত্রে গ্রাহক যদি ই-কেওয়াইসি না করতে চান, অথচ সিলিন্ডার ডেলিভারি চান, তাহলে তাঁকে বাজার দরে সেই সিলিন্ডার কিনতে হবে। সেই দর কত, তা ঘোষণা করবে সরকার। এক্ষেত্রে তাঁদের জন্য একটি অপশন বা সুযোগ দেবে তেল সংস্থাগুলি। তা মোবাইল ফোনের আইভিআরএস ব্যবস্থা, বা পোর্টাল হতে পারে, যেখানে গ্রাহক জানাবেন তিনি ভরতুকি ছাড়া সিলিন্ডার পেতে চান। এই মুচলেকার পরই তাঁর ব্লক থাকা সংযোগটি চালু হবে এবং ভরতুকিবিহীন সিলিন্ডার ডেলিভারি হবে।  
ডিস্ট্রিবিউটরদেব অভিযোগ, এতদিন পর তেল সংস্থাগুলি জানাচ্ছে, ‘পহল’-এর বাইরে থাকা গ্রাহকদেরও ই-কেওয়াইসি করতে হবে। উজ্জ্বলা যোজনার বাইরে থাকা যেসমস্ত গ্রাহক রান্নার গ্যাসে সব রকমের ভরতুকি পান, তাঁরা পহল যোজনার অন্তর্ভুক্ত। যাঁরা স্বেচ্ছায় ঘোষিত ভরতুকি ছেড়েছেন (যেমন কলকাতার গ্রাহকদের জন্য ১৯.৫৭ টাকা) বা বছরে ১০ লক্ষ টাকা রোজগারের জন্য ওই ভরতুকি পাওয়ার যোগ্য নন, তাঁদেরও এবার ই-কেওয়াইসি করতে হবে। এর ফলে ই-কেওয়াইসির বাইরে থাকা গ্রাহকের সংখ্যা বেড়ে গিয়েছে। এর পাশাপাশি প্রযুক্তিগত সমস্যাও থাকছে, অভিযোগ ডিস্ট্রিবিউটরদের একাংশের। তাঁদের কথায়, কখনো আধার সংযুক্তি হচ্ছে না, তো কখনো পোর্টাল ধীর গতিতে চলছে। ফলে গ্রাহক হয়রানি চলছেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ