ই-কেওয়াইসি আবশ্যিক, আলিপুরদুয়ারে ধান ক্রয়ের টার্গেট ৬৮ হাজার মেট্রিক টন
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যের জেলায় জেলায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু হচ্ছে। এই ধান বিক্রির জন্য কৃষকদের ই-কেওয়াইসি জমা করা বাধ্যতামূলক। অথচ আলিপুরদুয়ার জেলায় বহু চাষি ধান বিক্রির জন্য এখনও পর্যন্ত ই-কেওয়াইসি জমা করেননি। এই ঘটনায় উদ্বিগ্ন খাদ্যদপ্তর। তাই সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য খাদ্যদপ্তর কৃষকদের দ্রুত ই-কেওয়াইসি জমা দিতে গ্রামে গ্রামে মাইকিং শুরু করেছে। ব্লক খাদ্যদপ্তর, ধান ক্রয়ের সোসাইটি অথবা কৃষিমান্ডিগুলিতে কৃষকদের দ্রুত ই-কেওয়াইসি জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। কৃষকরা সরাসরি মোবাইল ফোনেও ই-কেওয়াইসি জমা দিতে পারেন। 

Advertisement

আলিপুরদুয়ার জেলা খাদ্যদপ্তরের এক আধিকারিক জানান, সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য জেলায় আমাদের সবরকম প্রস্তুতি সম্পূর্ণ। কিন্তু, জেলার বহু কৃষক সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য এখনও তাঁদের ই-কেওয়াইসি জমা দেননি। আমরা কৃষকদের দ্রুত ই-কেওয়াইসি জমা দিতে গ্রামেগঞ্জে মাইকিং করা ও লিফলেট বিলি করছি। 
জেলা খাদ্য নিয়ামক দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার রাজ্য থেকে জেলাকে ৬৮ হাজার মেট্রিক টন ধান কেনার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। গতবছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রা পাঁচ হাজার মেট্রিক টন কম। জেলার ছ’টি ব্লকের মধ্যে পাঁচটি ব্লকের পাঁচটি কিষানমান্ডি এবং ৪৩টি সোসাইটির মাধ্যমে সহায়ক মূল্যে ধান কেনা হবে। সোসাইটিগুলি হাট-বাজার ঘুরে ধান কিনবে। এছাড়া কোনো এলাকার কৃষকরা একসঙ্গে ধান বিক্রি করতে চাইলে সোসাইটিগুলি সরাসরি ওই এলাকায় গিয়েও ধান কিনবে। 
উল্লেখ্য, এবার কৃষকদের ধান বিক্রির জন্য কুইন্টাল প্রতি ২৪৪১ টাকা সহায়ক মূল্য মিলবে। সরাসরি ধান ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করতে চাইলে কৃষকদের বাড়তি ২০০ টাকা উৎসাহ ভাতা দেবে সরকার। খাদ্যদপ্তর ওই নির্দিষ্ট লক্ষ্যমাত্রার ধান কিনে জেলার ১৫টি রাইস মিলে পাঠাবে।