সংবাদদাতা, উলুবেড়িয়া: কাল ভ্যালেন্টাইন্স ডে। রাত পোহালেই ভালোবাসার বিশেষ দিন। এই দিনে বড় আকারের কুঁড়ি, উজ্জ্বল রঙ এবং প্রায় কাঁটাবিহীন ডাচ ভ্যারাইটির গোলাপ প্রিয় মানুষটির হাতে তুলে দিতে আগ্রহ থাকে সবার। এখন ডাচ গোলাপের কাঁটাতেই বিধ্বস্ত বাগনানের গোলাপ চাষিরা। চিরাচরিত গোলাপের পরিবর্তে অতিরিক্ত উপার্জনের আশায় নিজের জমিতে ডাচ গোলাপ চাষ করেন অনেকে। বর্তমানে ছত্রাকের আক্রমণে ফুল প্রায় নষ্ট।
এই এলাকার কয়েকশো ফুল চাষির মাথায় হাত। তাঁরা জানান, গত কয়েকবছর ছত্রাকের আক্রমণের হাত থেকে বাঁচতে ডাচ গোলাপ চাষ করলেও অবস্থা সেই একই। ফলে বছরের এই বিশেষ দিনে চাহিদা অনুযায়ী ডাচ গোলাপ বাজারে দিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
হাওড়া জেলার বাগনান, ঘোড়াঘাটা, দেউলটি সহ বিস্তৃর্ণ এলাকায় ফুল চাষ হয়। বিভিন্ন সময় চাষ করা বিভিন্ন ফুল কোলাঘাটের ফুল বাজার ছাড়াও হাওড়ার মল্লিকঘাট যায়। সারাবছর বিভিন্ন ধরনের ফুল চাষ করলেও বছরের কয়েকটি বিশেষ সময় বিশেষ ফুল বিক্রি করে অতিরিক্ত উপার্জনের আশায় বসে থাকেন চাষিরা। যেমন গোলাপ। সারাবছর কমবেশি গোলাপের চাহিদা থাকলেও ফেব্রুয়ারিতে চাহিদা বৃদ্ধি পায়। তবে গত কয়েকবছর এই এলাকায় ছত্রাকের আক্রমণে গোলাপ চাষ করে ক্ষতির মুখে চাষিরা। সেই ক্ষতির হাত থেকে বাঁচতে তাঁরা ডাচ গোলাপ চাষ শুরু করেন। যদিও তাতেও একই অবস্থা। বাকুড়দহ গ্রামের ফুল চাষি বাপন খাঁড়া বলেন, দেড় বিঘা জমিতে ডাচ গোলাপ চাষ করেছিলাম। বাজারে এখন পিস ১৫/২০ টাকা। কিন্তু এই আবহাওয়ায় ছত্রাকের আক্রমণে ফুলের পাপড়ি ঝরে যাচ্ছে। ফুল বিক্রি করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এইভাবে চলতে থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে। ফুল চাষি পুলক ধারা জানান, প্রায় প্রতিবছরই গোলাপে ছত্রাকের আক্রমণ হলেও সেভাবে ক্ষতিপূরণ না পাওয়ায় চাষিরা চরম সমস্যার মুখে পড়েছেন। নিজস্ব চিত্র