সংবাদদাতা, শিলিগুড়ি: এবার পুজোয় পাহাড় ভ্রমণে পর্যটকদের বাড়তি পাওনা টয় ট্রেনের স্পেশাল জয় রাইড। হেরিটেজ টয় ট্রেনে চেপে চা বাগান, পাহাড় ও জঙ্গলে ঘুরে বেড়ানোর সুযোগ মিলবে এই স্পেশাল জয় রাইডে। তিনটি আলাদা রুটে এই জয় রাইড পরিষেবা এবারই প্রথম চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শুক্রবার তারই একটি ‘টি টিম্বার স্পেশাল’ জয় রাইড চালু হল। ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘বাকি দু’টি জয় রাইড স্টিম স্পেশাল ও সানরাইজ স্পেশাল শনিবার থেকে চালু হবে।’
‘টি টিম্বার স্পেশাল’ জয় রাইডে শিলিগুড়ি জংশন থেকে রংটং গিয়ে ঘুরে পর্যটকরা আবার সন্ধ্যায় শিলিগুড়ি ফিরে আসবেন। এর জন্য মাথাপিছু ভাড়া ধার্য হয়েছে ৭৫০ টাকা। তবে কেউ চাইলে রংটং পর্যন্ত শুধু যেতে পারেন। তার জন্য ভাড়া লাগবে ৫০০ টাকা। এই স্পেশাল জয় রাইড পরিষেবা প্রতি শুক্র, শনি ও রবিবার চলবে। বেলা ১২টায় শিলিগুড়ি থেকে রওনা যাত্রা শুরু করে রংটং পৌঁছবে বেলা ১.৩০টায়। সেখানে চার ঘণ্টা ঘোরার সুযোগ পাবেন পর্যটকরা। হাতের কাছেই রয়েছে চা বাগান সহ দর্শনীয় একাধিক জায়গা। পর্যটকদের জন্য থাকবে জৈব সারে উৎপাদিত সবজি দিয়ে রান্না করা খাবারের স্টলও।
দার্জিলিং-কার্শিয়াং ‘স্টিম স্পেশাল’ জয় রাইড পাওয়া যাবে প্রতি শনি ও রবিবার। শনিবার দার্জিলিং থেকে কার্শিয়াং রওনা হবে স্টিম ইঞ্জিন চালিত এই প্রিমিয়াম ট্রেন। রবিবার কার্শিয়াং থেকে দার্জিলিং ফিরে আসবে। এই যাত্রায় নিয়মিত স্টেশনগুলি ছাড়াও উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলিতে থামবে ট্রেনটি। ভাড়া দার্জিলিং-ঘুম ৭৫০ টাকা, দার্জিলিং-ঘুম-সোনাদা ১০০০ টাকা, দার্জিলিং-ঘুম-সোনাদা-টুং ১২৫০ টাকা এবং দার্জিলিং-ঘুম-সোনাদা-টুং-কার্শিয়াং ১৫০০ টাকা।
তৃতীয় জয় রাইডটি হল কার্শিয়াং-মহানদী ‘সানরাইজ স্পেশাল’। প্রতি রবিবার চলবে এটি। সকাল সোয়া ৭টায় কার্শিয়াং থেকে রওনা দিয়ে সকাল ১০টায় মহানদী পর্যন্ত গিয়ে ফের কার্শিয়াংয়ে ফিরে আসবে ট্রেনটি। সকালের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিতেই এই ট্রেন পরিষেবা বলে জানান ডিএইচআরের ডিরেক্টর। তিনি বলেন, ‘তিনটি জয় রাইডেই বেস ফেয়ার ৭৫০ টাকা। তারপর স্টেশন প্রতি ২৫০ টাকা করে যোগ হবে। কার্শিয়াং-মহানদী রুটে একটি স্টেশন, গিদ্দা পাহাড় পড়বে। এক্ষেত্রে একটি স্টেশনের জন্য ৫০০ টাকা ভাড়া রাখা হয়েছে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া রুটের যেকোনও স্টেশন থেকেও টিকিট কাটা যাবে।’ তবে এদিন ‘টি টিম্বার স্পেশাল’ জয় রাইড পরিষেবা চালু করা নিয়ে আগাম কোনও প্রচার ছিল না। যাত্রী ছিলেন মাত্র দু’জন। ঋষভবাবু বলেন, ‘পাহাড়ে ধসের কারণে এখন কয়েকদিন যাত্রী কম হবে। তবে পুজো থেকে ভিড় বাড়বে। সেজন্য আমরা পর্যটন ব্যবসায়ীদের মাধ্যমে বিশেষ প্রচার শুরু করেছি।’