Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর ব্যারাজের সেতুর সংস্কার শীঘ্রই, বিকল্প রুটের খোঁজে দফায় দফায় বৈঠক

দুর্গাপুর ব্যারাজের সেতুর সংস্কার শীঘ্রই, বিকল্প রুটের খোঁজে দফায় দফায় বৈঠক
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দীর্ঘদিন পর প্রায় দু’কোটি টাকা খরচে সংস্কার হতে চলেছে দুর্গাপুর ব্যারাজের রাস্তা। এপ্রিল মাসের শুরু থেকেই মেরামতের কাজ শুরু হয়ে যেতে পারে। সংস্কার কাজ চলার সময় যানবাহন কোন দিকে যাতায়াত করবে, তা ঠিক করতে বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা দফায় দফায় বৈঠক করেছেন। এব্যাপারে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন বলে বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় জানিয়েছেন।

Advertisement

বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন বলেন, শুখা মরশুমে ব্যারাজের রাস্তা সংস্কার করা হবে। সংস্কারের সময় ব্যারেজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যানবাহন চলাচলের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বাস, ট্রাক মালিক সংগঠনের লোকজনের সঙ্গেও আমরা বৈঠক করেছি। 
অলোকবাবু বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে দুর্গাপুর ব্যারেজের রাস্তা। ওই রাস্তা মেরামতের জন্য ব্যারেজে যান চলাচল বন্ধ রাখতে হবে। সেই কারণে দামোদর নদের উপর বিকল্প অস্থায়ী রাস্তা যাতে নির্মাণ করা হয়, সেব্যাপারে নির্দেশ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি। হিউম পাইপ ও কংক্রিটের স্ল্যাব তৈরি করে দামোদর নদের উপর রাস্তা তৈরি করা যাবে। আগামী কয়েকমাস গরমের মরশুম থাকার ফলে দামোদরে জল থাকবে না। শুকিয়ে যাওয়া নদীর চরের উপর তৈরি রাস্তা ধরে সহজেই যানবাহন যাতায়াত করতে পারবে। 
উল্লেখ্য, বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ধরে বাস ও পণ্যবাহী ট্রাক সহ প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। দুর্গাপুর তথা পশ্চিম ও পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ব্যারেজের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই রাস্তা হয়ে বাসে বাঁকুড়া, পুরুলিয়া তথা জঙ্গলমহলের বাসিন্দারা কলকাতায় যাতায়াত করেন। ফলে রাস্তা বন্ধ রাখা সম্ভব নয়। আবার সংস্কার না হলে ব্যারেজের রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা মুশকিল হয়ে পড়বে। ব্যারেজের রাস্তার প্রায় পুরোটাই খানাখন্দে ভরে গিয়েছে। ব্যারেজ ও দু’দিকের অ্যাপ্রোচ রোড মিলিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তার আমূল সংস্কারের প্রয়োজন। 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চাশের দশকে তৈরির পর থেকে দুর্গাপুর ব্যারেজের রাস্তার আমূল সংস্কার আর হয়নি। ওই সেতু বেশ কিছুটা লম্বা হওয়াJ মাঝে মাঝে ফাঁক রাখতে হয়েছে। ছোট ছোট একাধিক কংক্রিটের স্ল্যাব সেতুর পিলারের উপর বসানো হয়েছিল। চাপ ও তাপের ফলে যাতে সেতুর স্থিতিস্থাপকতা নষ্ট না হয়, তারজন্য দু’টি স্ল্যাবের মাঝে ওই ফাঁক(এক্সপ্যানশন জয়েন্ট) রাখা হয়েছে। দুর্গাপুর ব্যারেজে ওই ধরনের মোট ৩৪টি ফাঁক রয়েছে। নির্মাণের পর এবারই প্রথম সেগুলি মেরামত করা হবে। তার আগে ব্যারেজের রাস্তার উপর গত সত্তর বছর ধরে পড়তে থাকা একের পর এক পিচের আস্তরণও তুলে ফেলে সেতুর ওজন কমানো হবে।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, সেচদপ্তরের দামোদর হেড ওয়ার্কস ঩বিভাগের হাতে ব্যারেজের ভার রয়েছে। পূর্তদপ্তরকে দিয়ে সংস্কার কাজ করানো হবে। অন্তত মাস তিনেক সময় লাগবে। ব্যারেজের মূল সংস্কার কাজের জন্য দেড় কোটি টাকা খরচ হবে। বিকল্প রাস্তা তৈরি সহ আনুষঙ্গিক কাজের জন্য আরও ৫০ লক্ষ টাকা প্রয়োজন পড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ