Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোল: তাপপ্রবাহে পুড়ছে শিল্পাঞ্চল! দুপুর হতেই ফাঁকা রাস্তাঘাট

আসানসোল: তাপপ্রবাহে পুড়ছে শিল্পাঞ্চল! দুপুর হতেই ফাঁকা রাস্তাঘাট
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বসন্ত উৎসব শেষ হতেই তাপপ্রবাহে নাজেহাল শিল্পাঞ্চলবাসী। সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি বেশি। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি।

Advertisement

এদিন সকাল থেকেই গ্রীষ্মকালের খণ্ডচিত্র ধরা পড়ে আসানসোল শহরে। তীব্র গরমে রবিবার ছুটির দিনে বাইরে দেখা যায়নি মানুষজনকে। সকাল থেকেই রাস্তায় লোকজন কম। অনেকে আবার একান্তই বাধ্য হয়ে ছাতা মাথায়, নয়তো নাক-মুখ কাপড়ে ঢেকে রাস্তায় বেরিয়েছেন। দুপুরে ডাব, আখ ও ঠাণ্ডা পানীয়ের দোকানেও ভিড় দেখা যায়। অন্যান্য সময়ে দোলের ছুটি কাটাতে বহু পর্যটককে মা‌ইথন পর্যটন কেন্দ্রে আসতে দেখা যায়। কিন্তু এদিন মাইথন ছিল কার্যত জনপ্রাণী শূন্য। দুপুর ১টার পর আসানসোলে গরম বাতাস(লু) বইতে থাকে। বসন্তেই প্রখর গ্রীষ্মের উত্তাপে শরীর সুস্থ রাখতে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে জেলা স্বাস্থ্যদপ্তর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, হঠাৎ‌‌ই তাপমাত্রা বেড়ে গিয়েছে। আমরা হাসপাতালগুলিকে কোল্ডরুম তৈরি রাখার নির্দেশ দিয়েছি। যাতে মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হলে, তাঁদের দ্রুত সেই রুমে নিয়ে গিয়ে সুস্থ করা যায়। গ্রীষ্মকালের মতোই এখনও মানুষকে সতর্ক হতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। দুপুরের দিকে বাইরে না বের হওয়াই ভালো। চৈত্র মাসের শুরুতেই তাপমাত্রা যেন গগণচুম্বী। শনি ও রবিবার আসানসোলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। রং খেলতে গিয়ে ঘেমে একাকার হয়েছেন আসানসোল-দুর্গাপুরের বাসিন্দারা। রঙের উৎসব শেষ হলেও গরমের তেজ থেকে মুক্তি মেলেনি। আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে এদিন সকাল থেকেই গরম বাড়তে থাকে। এই সময়ে অত্যাধিক গরম থাকলেও হাওয়া-অফিস সূত্রে জানা গিয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই আসানসোলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকা শুরু হয়েছে। ৭ মার্চ আসানসোলের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। ৮ মার্চ নারী দিবসের দিন থেকেই স্বাভাবিকের গণ্ডি ছাড়িয়ে তাপমাত্রা বাড়া শুরু হয়। সেদিন তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বুধবারও আসানসোলের তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারই তাপমাত্রা ৩৯ ডিগ্রির ঘরে পৌঁছয়। চৈত্রের শুরুতেই যদি তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করে, তাহলে গ্রীষ্মের মধ্যভাগে কী হবে, তা নিয়ে মানুষ রীতিমতো আতঙ্কিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ