Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা সেজে উঠছে শ্রীরামপুর থেকে কোন্নগর

একাল সাজের, সাজানোর। দেবীবরণের সঙ্গে নিজেকেও বরণীয় করে তোলার। চূড়ান্তপর্বের শারদীয়া প্রস্তুতিতে মাতোয়ারা গঙ্গাপাড়ের হুগলি।

কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা সেজে উঠছে শ্রীরামপুর থেকে কোন্নগর
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একাল সাজের, সাজানোর। দেবীবরণের সঙ্গে নিজেকেও বরণীয় করে তোলার। চূড়ান্তপর্বের শারদীয়া প্রস্তুতিতে মাতোয়ারা গঙ্গাপাড়ের হুগলি। কর্মব্যস্ততা শ্রীরামপুর থেকে কোন্নগরে। কোথাও সরাসরি থিমে মাতোয়ারা করে দেওয়ার প্রস্তুতি। আবার কোথাও স্থায়ী মণ্ডপে যেমন লাগছে নতুন রঙের পরত তেমনই ঐতিহ্যের মণ্ডপের সামনে গজিয়ে উঠছে থিমের নকশাদার দরদালান। থিম আধুনিক হোক বা সাবেকিয়ানা ছুঁয়ে থাকা, প্রতিমায় বনকাপাশি শোলার সাজ থাক বা আধুনিক রাংতার সাজ, সেজে উঠছে কোন্নগর, শ্রীরামপুর। মনেও লাগছে রঙের সাজ। আনন্দের বাসরের সজ্জিত হয়ে ওঠাই সবেচেয়ে বড় সত্যি।

Advertisement

কোন্নগরে সাবেক পুজো আর আধুনিকের মেলবন্ধন দেখা যাবে। কোন্নগরে এমনিতেই সাবেক পুজো আছে। আবার সাবেক প্রতিমাসজ্জায় আধুনিক মণ্ডপবিন্যাসও সত্যি। আবার নিখাদ থিমের আয়োজনে আগমনির আবাহনে মাতছে দক্ষিণপাড়া সর্বজনীন। খ্যাতনামা শিল্পী গৌরাঙ্গ কুইল্যাকে উদ্যোক্তারা দায়িত্ব দিয়েছেন। রাজস্থানের মন্দিরের আদলের মণ্ডপে আধুনিক সাজের দুর্গাপ্রতিমার বিশেষ আয়োজন দেখা যাবে এবার। প্রতিমা থেকে মণ্ডপসজ্জায় আর্টের কাজ দেখা যাবে। প্রতিমা থেকে মণ্ডপ, আলোকসজ্জা একই সুরের তারে বাঁধা থাকবে। পুজো উদ্যোক্তা অসীম মিত্র বলেন, আনন্দময়ীর আবাহনে রাজকীয় আয়োজন করা হচ্ছে। তাতে বাড়তি শোভাবর্ধন করবে চন্দননগরের আলো। কোন্নগরের মনসাতলা সর্বজনীনের পুজোতেও থাকছে থিমের আহ্বান। তবে সায়েকিয়ানার শিকড়ে বাঁধা থেকে। রাজবাড়ির ঠাকুরদালানের আদলে ঝাড়বাতির মনোহর প্রদর্শনী দেখা যাবে। কত রকমের ঝাড়বাতিতে সেজে থাকত সাবেক রাজবাড়ি? সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। মাকড়শার জালের আদলে তৈরি এক বিশেষ আলোকসজ্জা থাকবে। নানা রকমের শাড়িকেও মণ্ডপসজ্জায় ব্যবহার করা হবে। উদ্যোক্তাদের নিজস্ব ঠাকুরদালানে থাকবে সাবেক প্রতিমা আর শোলার সাজ। সেই প্রতিমাকে ঘিরে বিরাজ করবে মোহন মণ্ডপসজ্জা। পুজো উদ্যোক্তা তপনকুমার বল্লভ বলেন, সাবেক ও বর্তমানের মিলিত আদলে অভিনব পুজো আয়োজন করা হচ্ছে। কোন্নগরের আজকের পল্লির আয়োজনও আধুনিক ও সাবেকিয়ানার মিশেলে। পুজো উদ্যোক্তা শুভজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, স্থায়ী মণ্ডপে সাবেক ধাঁচার প্রতিমাকে ঘিরে আধুনিক মণ্ডপসজ্জা করা হবে। 
শ্রীরামপুরে থিমপুজো নিয়ে ‘বাহুবল’ প্রদর্শনের চেষ্টা সর্বত্র। সেই প্রতিযোগিতার চোরাস্রোতের মধ্যেই ‘শিকড়ের সন্ধানে’ থিম হাজির করছে লাইব্রেরি লেন সর্বজনীন। সভ্যতার শিকড় লুকিয়ে আছে অরণ্যে। বৃক্ষই প্রাণের সঞ্চালক। কিন্তু বর্তমান সময় শিল্প আর নগরায়নের দাপটে বৃক্ষনিধান নির্বিচারে হচ্ছে। এই পরিস্থিতিকেই দশভুজা বন্দনার থিম করেছেন উদ্যোক্তারা। সতেজ থেকে মৃত গাছ, নানা রকম বাহারি পাতার বিন্যাসে সাজবে মণ্ডপ। থাকবেন বনদেবীর আদলে ধ্যানমগ্নাদেবী। মাটির প্রতিমা কিন্তু আঙ্গিক অভিনব। পুজো উদ্যোক্তা দীপেন সাহা বলেন, নান্দনিক আলোকসজ্জায় সমাজচেতনার বার্তা সহ মায়াময় থিম করা হয়েছে।
বদলে যাচ্ছে ধুলো, ধোঁয়া, জলকাদায় ছাওয়া জনপদ। প্রতিদিন একটু একটু করে সেজে উঠছে নতুন সাজে। গঙ্গা নিস্তরঙ্গ হয়ে এসেছে। কিন্তু আলোড়ন পড়েছে তার পাড়ে, শ্রীরামপুর, কোন্নগরে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ