সংবাদদাতা, বিষ্ণুপুর: লক্ষ্মীর ভাণ্ডারের একমাসের টাকা দিয়ে দুর্গাপুজো করছেন ভড়া গ্রামের মহিলারা। ভড়া গোয়ালাপাড়ার মহিলারা গত বছরই প্রথম ওই উদ্যোগ নিয়েছিলেন। প্রথম বছরেই ব্যাপক সাড়া পড়ে। তাই এবার পাড়ার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া প্রায় সব মহিলাই পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে খুঁটি পুজো হয়ে গিয়েছে। যাবতীয় প্রস্তুতিও শুরু হয়েছে। পুজো পরিচালনার ক্ষেত্রে পাড়ার পুরুষরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছেন।
ভড়া গোয়ালাপাড়া মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি মামন মণ্ডল বলেন, আমাদের পাড়ায় প্রায় ১৫০ পরিবার বসবাস করে। পাড়ায় অন্যান্য পুজো হলেও দুর্গাপুজো করার মতো আর্থিক পরিস্থিতি নেই। বেশ কয়েকবার দুর্গাপুজো করার জন্য উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে সিদ্ধান্ত বাতিল হয়। গত বছর আমরা মহিলারা এগিয়ে আসি। প্রতিমাসে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই। প্রত্যেকে একমাসের টাকা দুর্গাপুজোর জন্য তুলে দেওয়ার সিদ্ধান্ত নিই। তাতে ৮৮জন মহিলা এগিয়ে আসেন। তাঁরা সক্রিয়ভাবে পুজো পরিচালনায় অংশ নেন। প্রথম বছরেই দারুণ সাড়া পড়ে। তাই এবার পাড়ার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া প্রায় সমস্ত মহিলাই অতি উৎসাহিত হয়ে এগিয়ে এসেছেন। এবার আরও বড় করে পুজোর অনুষ্ঠান হবে।
পুজো কমিটির এক কর্মকর্তা বচ্চন মণ্ডল বলেন, ভড়া গ্রাম প্রত্যন্ত এলাকায় অবস্থিত। মহিলারা দূরে পুজো দেখতে যেতে পারেন না। সেই জন্য মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে এই পুজো শুরু করেছেন। পাড়ার পুরুষরা তাঁদের সহযোগিতা করেন। এবারের পুজোয় যাত্রানুষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান হবে। মণ্ডপের সামনে সেলফি জোন থাকবে। একদিন বস্ত্র ও প্রসাদ বিলি করা হবে। এছাড়াও উদ্বোধনের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। রাজ্য সরকারের পুজো অনুদানের জন্য আবেদন করা হয়েছে। তা পেলে পুজোয় আরও সামাজিক কর্মসূচি করা যাবে।