কুন্তল পাল, বনগাঁ: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এক্ষেত্রে কলকাতার পরই অন্যতম নামডাক বনগাঁর। প্রতিবছরের মতো এবছরও হরেক রকমের থিম ও সাবেকিয়ানায় সেজে উঠেছে বনগাঁ। এখানকার অন্যতম পুজো উদ্যোক্তা অভিযান সঙ্ঘ এবছর ৮০ তম বর্ষে পদার্পণ করেছে। এবছর অভিযান সঙ্ঘের থিম ডোকরা শিল্প। গোটা প্যান্ডেল জুড়ে শিল্পের ছোঁয়া। প্রতিমাতেও বৈচিত্র্য বজায় রাখে তারা। এছাড়া এই সীমান্ত শহরে পুজোর মধ্যমণি প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। এবছর ৭০ বর্ষে পদার্পণ করেছে এই পুজো। তাদের থিম হায়দরাবাদের শ্রীকৃষ্ণ মন্দির। প্রতিবছর পুজো ঘিরে মেলার আয়োজন করেন উদ্যোক্তারা। কিছুটা কম বাজেটের পুজো হলেও থিমের বৈচিত্র্যে অনেকটাই এগিয়ে বনগাঁ রেটপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। এবছর ৭৯ বর্ষে পা দিল তারা। রেটপাড়ার এবারের থিম জংলি রাজার দেশে মা এসেছে রাজবেশে। টায়ার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে থিম। আলোতেও থাকছে আলাদা মুন্সিয়ানা।



