নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা তৃতীয়বার ডুরান্ড কাপ জয়ের লক্ষ্যে আরও একধাপ এগল নর্থ ইস্ট ইউনাইটেড। সোমবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে শিলংয়ের মাটিতে লাজংকে ৫-২ গোলে হারাল পেড্রো বেনালির ছেলেরা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক আলেদাইন আজারেইর। এছাড়া স্কোরশিটে নাম তোলেন এথিয়ান গঞ্জালেস ও জিতিন এমএস। লাজংয়ের দুই গোলদাতা সিনদেই ও জোতা। ম্যাচে একটা সময় ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে নর্থ ইস্ট। কিন্তু মোক্ষম সময়ে জ্বলে ওঠে জিতিন, আলেদাইনরা। দুরন্ত আপফ্রন্টে ভর করে লাজং দুর্গে ফাটল ধরায় তারা। ডুরান্ড কাপের শেষ চারের লড়াইয়ে আগামী বৃহস্পতিবার মোহন বাগানের মুখোমুখি হবে জন আব্রাহামের দল। চলতি টুর্নামেন্টে দুরন্ত ছন্দে নর্থ ইস্ট। ৪ ম্যাচে ১৮বার বিপক্ষের জাল কাঁপিয়েছে বেনালি ব্রিগেড। স্বাভাবিকভাবেই পাহাড়ের কোলে ম্যাকলারেন, লিস্টনদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই।



