Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আলেদাইনকে রোখাই চ্যালেঞ্জ মোহন বাগানের, ড্রাজিচকে ছাড়াই শিলংয়ে পানোস ব্রিগেড

২০২৪ ডুরান্ড কাপ ফাইনাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে টাই-ব্রেকারে মোহন বাগানকে হারিয়ে কাপ ছিনিয়ে নিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড।

আলেদাইনকে রোখাই চ্যালেঞ্জ মোহন বাগানের, ড্রাজিচকে ছাড়াই শিলংয়ে পানোস ব্রিগেড
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪ ডুরান্ড কাপ ফাইনাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে টাই-ব্রেকারে মোহন বাগানকে হারিয়ে কাপ ছিনিয়ে নিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। দু’বছর বাদে ফের ঐতিহ্যশালী টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে নামছে এই দু’দল। এবার লড়াইটা সেমি-ফাইনালের। তাও আবার শিলংয়ের মাটিতে। মাত্র দু’দিন আগেই শেষ আটের লড়াইয়ে জামশেদপুরকে হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে সেমি-ফাইনালের আগে খুব বেশি প্রস্তুতির সময় হাতে পাননি কোচ পানাজিওটিস। তারউপর উলটোদিকে সবুজ-মেরুন জার্সি দেখলেই জ্বলে ওঠা অভ্যাসে পরিণত করেছেন আলেদাইন। ২০২৪ ডুরান্ড ফাইনালে মোহন বাগানের বিরুদ্ধে জাল কাঁপিয়েছিলেন তিনি। সেবার আইএসএলের আসরেও গোল ছিল তাঁর। ফলে ডুরান্ড কাপ ফাইনাল আর মোহন বাগানের মধ্যে দাঁড়িয়ে এই মরক্কান ফুটবলার। তবে যাবতীয় প্রতিবন্ধকতাকে হার মানিয়ে পাহাড়ের কোলে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া পানোস-ব্রিগেড।

Advertisement

বুধবার দুপুরের বিমানে দু’ভাগে শহর ছাড়েন বাগান ফুটবলাররা। শিলংয়ে পৌঁছে বিকালে স্থানীয় মাঠে সেমি-ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি সারেন সাহাল-ম্যাকলারেনরা। নর্থ ইস্টের বিরুদ্ধে পাহাড়ের প্রতিকূল পরিবেশই সবচেয়ে বড়ো বাধা বাগান শিবিরের। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তাই বাগান ফুটবলারদের জন্য কাজটা মোটেই সহজ হবে না। গত ম্যাচে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ডেজান ড্রাজিচ। সার্বিয়ান ফুটবলারটিকে শহরে রেখেই বুধবার শিলংয়ে পাড়ি দেয় মোহন বাগান। ফলে শেষ চারের লড়াইয়ে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে কোচ পানোসকে। তবে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি জুগিয়ে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন সেরেছিলেন মিগুয়েল। সেমি-ফাইনালের আসরেই সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হতে পারে এই ব্রাজিলিয়ান মিডিওর।
জামশেদপুরের বিরুদ্ধে শুরুতে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন শুভাশিসরা। বৃহস্পতিবার তাই রক্ষণ জমাট রাখাই লক্ষ্য বাগান কোচের। একইসঙ্গে আপফ্রন্টে মনবীর-লিস্টনদের ছন্নছাড়া পারফরম্যান্সে ক্রমশ বিরক্ত বাড়াচ্ছে। তাই নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম একাদশে ফিরতে পারেন ম্যাকলারেন। একইসঙ্গে দুরন্ত ছন্দে থাকা সাহাল ভরসা জোগাচ্ছেন। পক্ষান্তরে, চলতি ডুরান্ড কাপে নর্থ ইস্ট মাঝমাঠে ফুল ফোঁটাচ্ছেন ম্যাকার্টন ও মায়া জুটি। উত্তর-পূর্বের দলটির হৃৎপিণ্ড এই দুই তরুণ ফুটবলার। সেই সঙ্গে প্রান্তিক আক্রমণে ঝড় তুলছেন আলেদাইন ও জিতিন এমএস। তাই মোহন বাগানের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই।
 শিলংয়ে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ