রামপুরহাটে ভিজে বালি বোঝাই ডাম্পারের দাপট, মেরামত হওয়া রাস্তার অবস্থা বেহাল
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: নিয়ম রয়েছে খাতায়-কলমে, কিন্তু বাস্তবে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বীরভূমের রামপুরহাট মহকুমায় রমরমিয়ে চলছে বৈধ ও অবৈধ ভিজে বালির পরিবহণ। যার জেরে একদিকে যেমন বেহাল হয়ে পড়ছে গ্রামীণ ও শহরতলির রাস্তা, তেমনই জল জমে ও বালি উড়ে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা। এব্যাপারে জেলাশাসক ধবল জৈনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত করে দেখছি।  রামপুরহাট মহকুমার বুক চিরে বয়ে চলা ব্রহ্মানী, দ্বারকা, বাঁশলৈ ও ময়ূরাক্ষী নদী সংলগ্ন এলাকায় রয়েছে প্রচুর বালির ঘাট। অভিযোগ, এই ঘাটগুলির একটি বড়ো অংশই সম্পূর্ণ অবৈধ। নদী থেকে বালি তোলার ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি নির্দেশিকা থাকলেও, তার তোয়াক্কা করা হয় না। নিয়ম অনুযায়ী, বালি জল থেকে তোলার পর তা ভাল করে শুকিয়ে বা জল ঝরিয়ে গাড়িতে তুলতে হবে। পাশাপাশি, বালির উপর ত্রিপল বা পলিথিনের আচ্ছাদন টানার নির্দেশও রয়েছে। কিন্তু অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই জল থেকে বালি তোলার সঙ্গে সঙ্গেই তা ট্রাকে বোঝাই করা হচ্ছে এবং কোনো ঢাকনা ছাড়াই তা নিয়ে যাওয়া হচ্ছে। এদিন রামপুরহাটের বাইপাস রাস্তায় ধরা পড়ল এমনই ছবি। বালি বোঝাই ডাম্পারগুলি থেকে  অনবরত জল পড়ছে রাস্তায়। যে ডাম্পারগুলি ১৪ নম্বর জাতীয় সড়ক ও বিভিন্ন রাজ্য সড়ক ধরে বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত শত শত বালি বোঝাই ভারী যানবাহন এভাবেই চলাচল করছে বলে স্থানীয়দের অভিযোগ।  ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। জল জমে পিচের রাস্তায় তৈরি হয়েছে খানাখন্দ। যানবাহনের চাকায় পথচারীদের গায়ে ছিটকে পড়ছে নোংরা কাদা-জল। প্রায়ই স্কুল পোশাকে কাদা লাগা অবস্থায় পড়ুয়াদের ক্লাস করতে যেতে হচ্ছে। বাইক চালকরাও স্লিপ করে আকছার দুর্ঘটনার কবলে প঩ড়েন। এছাড়া, কোনো ঢাকনা না থাকায় বাতাসের বেগে বালি উড়ে পথচারীদের চোখে-মুখে ঢুকে বড়ো বিপদ পরিস্থিতি তৈরি করছে।

Advertisement

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রামপুরহাটে প্রশাসনিক বৈঠকে পুজোর আগেই শহর ও গ্রামাঞ্চলের রাস্তা মেরামতের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশ মেনে কমবেশি রাস্তা মেরামতও হয়। কিন্তু এই ভিজে বালি বোঝাই ভারী ডাম্পারগুলির অবিরাম চলাচলের কারণে সেই সদ্য-মেরামত হওয়া রাস্তাগুলি ফের আগের বেহাল দশা ফিরে পাচ্ছে। সাধারণ মানুষের করের টাকায় তৈরি সরকারি অর্থের এহেন অপচয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসী। প্রশাসনের তরফে কঠোর নজরদারি ও দ্রুত আইনি ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন নাগরিকরা।