Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু দলীপ ট্রফি, খেলছেন না শুভমান, নজর সামির উপর

জল্পনার অবসান। দলীপ ট্রফিতে খেলছেন না শুভমান গিল। বৃহস্পতিবার বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চলের বিরুদ্ধে উত্তরাঞ্চলের হয়ে টস করতে দেখা যাবে না তাঁকে।

আজ শুরু দলীপ ট্রফি, খেলছেন না শুভমান, নজর সামির উপর
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: জল্পনার অবসান। দলীপ ট্রফিতে খেলছেন না শুভমান গিল। বৃহস্পতিবার বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চলের বিরুদ্ধে উত্তরাঞ্চলের হয়ে টস করতে দেখা যাবে না তাঁকে। গত সপ্তাহে ভাইরাল জ্বর হয়েছিল গিলের। অসুস্থ হয়ে পড়েন তিনি। রক্তপরীক্ষা হয় তাঁর। রিপোর্টে কোনও অসঙ্গতি ধরা পড়েনি। তারপরও অবশ্য নেওয়া হচ্ছে সতর্কতা। বুধবারই উত্তরাঞ্চল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল গিলের। কিন্তু তিনি আসেননি। জানা গিয়েছে, এই মুহূর্তে মোহালিতে রয়েছেন ২৫ বছর বয়সি। ৩১ আগস্টের মধ্যে বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে হাজিরা দেবেন তিনি। সেখানে ফিটনেস টেস্ট হবে তাঁর। তারপর এশিয়া কাপের মহড়া শুরু।

Advertisement

এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া ও শ্রেয়স আয়ারের প্রি-সিজন ফিটনেস টেস্ট চলছে সেখানে। কুলদীপ যাদব, অর্শদীপ সিং, সাই সুদর্শনও আছেন সেখানে। এরপর রোহিত শর্মা, লোকেশ রাহুলের সঙ্গে যোগ দেবেন গিল। খুব তাড়াতাড়ি সেখানে আসবেন ঋষভ পন্থ। তবে নতুন মরশুমের জন্য ফিটনেস টেস্টের চেয়েও ভারতীয় ক্রিকেটে এখন দলীপ ট্রফি নিয়েই চর্চা বেশি।
মহম্মদ সামি যেমন দীর্ঘদিন পর বৃহস্পতিবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে পূর্বাঞ্চলের হয়ে খেলবেন তিনি। তার আগে অভিমানের সুরে সামি বলেছেন, ‘দলীপ ট্রফিতে খেলছি যখন, এশিয়া কাপেও খেলতে পারতাম।’ কিন্তু চোটের কারণে এই মুহূর্তে জাতীয় নির্বাচকদের ভাবনার বাইরে তিনি। দলীপে ভালো পারফরম্যান্স অবশ্য ফের তাঁর দাবি জোরাল করতে পারে। একই কথা প্রযোজ্য অভিমন্যুর ক্ষেত্রেও। ইংল্যান্ডে টেস্ট সিরিজের স্কোয়াডে থেকেও তাঁর মতোই খেলা হয়নি অর্শদীপের। উত্তরাঞ্চলের হয়ে উজাড় করে দিতে চাইবেন তিনি। পেসার হর্ষিত রানারও সঙ্গী তাগিদ। দু’জনেই আছেন এশিয়া কাপের দলে। গিলের পরিবর্তে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেবেন অঙ্কিত কুমার। 
বৃহস্পতিবার অপর কোয়ার্টার ফাইনালে মধ্যাঞ্চল খেলবে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে। এই ম্যাচে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে কুলদীপ যাদব, ধ্রুব জুরেল, দীপক চাহার, খলিল আহমেদের উপর।

Advertisement
সম্পর্কিত সংবাদ