Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাউয়াগুড়িতে আবাস যোজনার সমীক্ষায় এসে আক্রান্ত সরকারি কর্মী

ডাউয়াগুড়িতে আবাস যোজনার সমীক্ষায় এসে আক্রান্ত সরকারি কর্মী
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: আবাস যোজনার ঘরের সার্ভে করতে এসে সোমবার আক্রান্ত হলেন এক সরকারি কর্মী। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙা-২ ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতে। 
Advertisement
এদিন রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের ডাউয়াগুড়ি গ্রামে আবাস যোজনার তালিকা খতিয়ে দেখতে এসেছিলেন তিনজন সরকারি কর্মী। বিএলআরও অফিসের রেভিনিউ অফিসার শান্তনু মজুমদার সহ দু’জন গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রামে আসতেই তাঁদের সঙ্গে বচসা শুরু করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। অভিযোগ, শান্তনুবাবুকে ওই পঞ্চায়েত সদস্য চেয়ার ছুড়ে মারেন। এতে পায়ে চোট পান শান্তনু মজুমদার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙা থানার পুলিস। মাথাভাঙা-২’এর বিডিও ঘটনাস্থলে চলে আসেন। পুলিস পঞ্চায়েত সদস্যকে থানায় নিয়ে যায়। এ ঘটনার কথা জানাজানি হতেই সরকারি কর্মীরা আবাস যোজনার সার্ভে নিয়ে আশঙ্কায় ভুগছেন। 
এ ব্যাপারে শান্তনু মজুমদার বলেন, আমরা এলাকায় আসার পরই ওই গ্রাম পঞ্চায়েত সদস্য নির্দিষ্ট পাড়ায় আগে সার্ভে করতে বলেন। আমরা তাঁকে বোঝানোর চেষ্টা করি তালিকা অনুযায়ী সমস্ত বাড়িতেই সার্ভে করা হবে। এর পর আচমকা উনি চেয়ার ছুড়ে মারেন। চেয়ারটি আমার পায়ে লেগেছে। পায়ে আঘাত পেয়েছি। বিষয়টি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। 
এ ব্যাপারে মাথাভাঙার মহকুমা শাসক নবনীত মিত্তল বলেন, রুইডাঙায় আবাস যোজনার সার্ভেতে সরকারি কর্মীকে আক্রমণ করার ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিস দেখছে। সার্ভে করতে গিয়ে কোথাও যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখার জন্য বলা হয়েছে পুলিস প্রশাসনকে। 
মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার অনিমেষ রায় বলেন, আবাস যোজনার সার্ভেতে গিয়ে সরকারি কর্মীদের সঙ্গে ঝামেলা হয়েছে এক গ্রাম পঞ্চায়েত সদস্যর। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।  
সম্পর্কিত সংবাদ