সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, রবিবার থেকে শুরু হচ্ছে জল্পেশ শ্রাবণী মেলার চতুর্থ সপ্তাহ। এই সপ্তাহে এবার টিকিট কাউন্টারের স্থান পরিবর্তন করল জল্পেশ মন্দির কমিটি। গত সপ্তাহে রেকর্ড ভিড়ের কারণে জল্পেশ মন্দির চত্বর এবং মন্দির সংলগ্ন অতিথি নিবাসের সামনের টিকিট কাউন্টার বন্ধ করা হল। ময়নাগুড়ি জল্পেশ মোড় সংলগ্ন স্থানে একটি, তার থেকে কিছুটা দূরেই আরও একটি এবং মেলার মাঠে থাকছে টিকিট কাউন্টার। পাশাপাশি জল্পেশ মন্দিরের উল্টোদিকে সাপটিবাড়ি যাওয়ার রাস্তায় থাকছে আরও দু’টি টিকিট কাউন্টার। এদিকে ভক্তরা যেন লম্বা লাইন করে সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ করতে পারেন সেজন্য এবার বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ চ্যানেল।
মন্দির কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত রবিবার ও সোমবার পাঁচ লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছিল। আর সেই খবর ভক্তদের কাছে পৌঁছে যেতেই বেশকিছু ভক্ত ভিড় এড়াতে বিভিন্ন জেলা থেকে শনিবার এসে মন্দিরে পুজো দিলেন। অপরদিকে, জল্পেশ মন্দির সংলগ্ন যে পুকুর রয়েছে যেখানে ভক্তরা স্নান করেন সেখানে বর্জ্য দেখে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন।
শিলিগুড়ি থেকে আসা লক্ষ্মী সাহা বলেন, অবিলম্বে মন্দির কমিটির উচিত পুকুরটি পরিষ্কার করা। কারণ এখানে ভক্তরা স্নান করেন। অথচ বর্জ্য পড়ে রয়েছে পুকুরে। স্থানীয় বাসিন্দা নকুল রায় বলেন, এই বিষয়টি মন্দির কমিটির গুরুত্ব দিয়ে দেখা উচিত। বানারহাট থেকে আসা ভগবান দাস শর্মা বলেন, আমরা খবর পেয়েছি গত রবিবার প্রচণ্ড ভিড় হয়েছিল। সে কারণেই শনিবার এসে পরিবার সহ পুজো দিলাম। শিলিগুড়ি থেকে আসা মানস রায় বলেন, মন্দিরে এসে পুজো দিয়ে খুব ভালো লাগছে।
মন্দির কমিটির সম্পাদক গিরেন্দ্রনাথ দেব বলেন, রবিবার ও সোমবারও ব্যাপক ভিড় হবে বলে আমাদের ধারণা। পুলিশের পক্ষ থেকে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। পুকুরটি আমরা সোমবারের পর পরিষ্কার করব।