নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুরনো শত্রুতার জেরে এক ট্রাকচালককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে অপর এক ট্রাকচালকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার ধুলাগড় ট্রাক টার্মিনালে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সামনেই খুন করার চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। মৃত ট্রাকচালকের নাম রুগুল রাঘবন (৩১)। তিনি তামিলনাডুর তিরুপ্পুর জেলার বাসিন্দা ছিলেন। তাঁকে কোপানোর পর অভিযুক্ত মণি কুন্দন এলাকা ছেড়ে পালিয়ে যান। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে সাঁকরাইল থানার পুলিস।
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, টার্মিনালের ভিতরে ট্রাক রাখাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ঝামেলা শুরু হয় রুগুল ও মণি কুন্দনের মধ্যে। তার জেরেই এই খুনের ঘটনা। মৃতের পরিবারের তরফে এদিন সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, পুরনো কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে বচসা চলছিল। তামিলনাড়ু থেকেই সেই ঝামেলা শুরু হয়। দু’জনেই মাদুরাই থেকে মাল বোঝাই ট্রাক নিয়ে রওনা দেন। মাঝপথেও এক জায়গায় কথা কাটাকাটি হয় দু’জনের মধ্যে। সেখানে অন্যান্য ট্রাক ড্রাইভারদের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হয়ে যায়।
সেই বচসার কারণেই ধূলাগড় ট্রাক টার্মিনালে খুন হতে হয়েছে রুগুলকে, এমনটাই দাবি মৃতের পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর তামিলনাডুর নম্বর প্লেট সহ ট্রাক দু’টি কিছুক্ষণের ব্যবধানে টার্মিনালে ঢোকে। কিছুক্ষণ পর রুগুল ও মণিকে একে অপরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। রাত বাড়লে ট্রান্সপোর্ট অফিস ঘরের সামনে তাঁদের বচসা তীব্র আকার নেয়। আচমকা মণি পকেট থেকে একটি ছুরি জাতীয় ধারাল অস্ত্র বের করে রুগুলের গলায় ও পিঠে কয়েকবার কোপ বসিয়ে পালিয়ে যান। গুরুতর জখম অবস্থায় টোটোয় চাপিয়ে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রুগুলকে মৃত বলে ঘোষণা করেন। খুনের ঘটনাটি ধরা পড়েছে ট্রাক টার্মিনালের সিসিক্যামরার ফুটেজে। অভিযুক্ত মণি কুন্দনের ট্রাকটি বাজেয়াপ্ত করেছে পুলিস। হাওড়া সিটি পুলিসের ডিসি সাউথ সুরেন্দ্র সিং বলেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্তকারীদের একটি দল ইতিমধ্যেই তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছে।