সংবাদদাতা, বেলদা: সোমবার সাতসকালে দাঁতনের বামনপুকুর এলাকায় জাতীয় সড়কে ট্রেলারের পিছনে ধাক্কা মারল একটি অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা চারজন জখম হয়েছেন। মৃতের নাম ঈশ্বরচন্দ্র সর্দার(৪০)। বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায়। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি আটক করেছে দাঁতন থানার পুলিস। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিসের। জানা গিয়েছে, এদিন চন্দ্রকোণা টাউনের তাতারপুর এলাকা থেকে চারজনকে নিয়ে ওড়িশার ভুবনেশ্বরে এইমস হাসপাতালে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। সকাল ৭টা নাগাদ দাঁতন থানার বামুনপুকুর এলাকায় দ্রুতগতিতে থাকা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়।



