Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে ট্রেলারের পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, মৃত ১, জখম অসুস্থ ব্যক্তি সহ ৪

দাঁতনে ট্রেলারের পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, মৃত ১, জখম অসুস্থ ব্যক্তি সহ ৪
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বেলদা: সোমবার সাতসকালে দাঁতনের বামনপুকুর এলাকায় জাতীয় সড়কে ট্রেলারের পিছনে ধাক্কা মারল একটি অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা চারজন জখম হয়েছেন। মৃতের নাম ঈশ্বরচন্দ্র সর্দার(৪০)। বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায়। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি আটক করেছে দাঁতন থানার পুলিস। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিসের।  
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন চন্দ্রকোণা টাউনের তাতারপুর এলাকা থেকে চারজনকে নিয়ে ওড়িশার ভুবনেশ্বরে এইমস হাসপাতালে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। সকাল ৭টা নাগাদ দাঁতন থানার বামুনপুকুর এলাকায় দ্রুতগতিতে থাকা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সে থাকা চারজন জখম হন। প্রত্যেকেরই বাড়ি চন্দ্রকোণা টাউনের তাতারপুর এলাকায়। জখম প্রিয়ব্রত রায় আরও তিনজনের সঙ্গে চেকআপের জন্য এইমসে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিস। স্থানীয়দের সহযোগিতায় জখমদের উদ্ধার করে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি উদ্ধার করেছে দাঁতন থানার পুলিস। ট্রেলারের চালক পলাতক। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সকালের ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
সম্পর্কিত সংবাদ