Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে টাকা ভর্তি মানিব্যাগ সিভিক ভলান্টিয়ার ফিরিয়ে দিলেন মালিককে

দাঁতনে টাকা ভর্তি মানিব্যাগ সিভিক ভলান্টিয়ার ফিরিয়ে দিলেন মালিককে
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: আর জি কর কাণ্ডের পর থেকে সিভিক ভলন্টিয়ারদের ওপর ক্ষোভে ফুঁসছেন নেটিজেনদের একাংশ। কিন্তু সব সিভিক ভলান্টিয়ার যে সঞ্জয় রায়ের মতো হন না, সেটাই দেখালেন দাঁতন থানার এক সিভিক ভলান্টিয়ার। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে টানা ১২ দিনের চেষ্টায় শেষমেশ তা তুলে দিলেন প্রকৃত মালিকের হাতে। মানিব্যাগ ফিরে পেয়ে খুশি পড়শি রাজ্য ওড়িশার বাসিন্দা দিলীপকুমার আঠা। গত ৬ নভেম্বর দাঁতন থানায় ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন মকমলপুর গ্রামের বাসিন্দা সিভিক ভলান্টিয়ার সুদর্শন মিশ্র। ফেরার পথে মানিকাডাঙা এলাকায় রাস্তার উপর একটি টাকা ভর্তি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন।তার ভেতরে নগদ ১১ হাজার টাকা ও দিলীপবাবুর নাম লেখা একটি এটিএম কার্ডও ছিল। এরপর ওই সিভিক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এই মানিব্যাগের মালিকের খোঁজ করতে থাকেন। অবশেষে ১২ দিন পরে পড়শি রাজ্য ওড়িশার রায়বনিয়া থানার রাজনগর গ্রামের বাসিন্দা দিলীপকুমার আঠার খোঁজ পান। রবিবার তাঁর হাতে হারিয়ে যাওয়া সেই টাকা ভর্তি মানিব্যাগটি তুলে দেন সুদর্শনবাবু। দিলীপবাবু বলেন, একটি জমি বিক্রি করে সামান্য কিছু টাকা পেয়েছিলাম। সেই টাকার কিছুটা অংশ দাঁতনে দিদির বাড়িতে দিয়ে ফেরার পথে মানিব্যাগটি হারিয়ে যায়। খুবই সমস্যায় পড়েছিলাম। ফেরত পাব আশা করিনি। যেভাবে দাঁতন থানার এই সিভিক ভলান্টিয়ার মানিব্যাগটি কুড়িয়ে পেয়ে আমাকে ফেরত দিলেন, তাতে ওঁকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। সমাজে এমন লোকেরই প্রয়োজন রয়েছে। সুদর্শন মিশ্র বলেন, রাস্তায় টাকা ভর্তি মানিব্যাগটি পেয়ে বিভিন্নভাবে তার মালিকের খোঁজ করেছিলাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলীপবাবুর খোঁজ পাই। আজ তাঁর হাতে টাকা ভর্তি মানিব্যাগটি তুলে দিয়ে নিজের কর্তব্য পালন করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ