সংবাদদাতা বেলদা: মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই মন্দিরে হচ্ছিল নাবালিকার বিয়ে। ঘটনার খবর পেয়ে মাঝরাতে পুলিস নিয়ে গিয়ে বিয়ে বন্ধ করলেন বিডিও। মুচলেকা দিয়ে ছাড় পেল দু’পক্ষই। দাঁতনের সাহানিয়া মন্দিরে এই ঘটনা ঘটে। দাঁতন-২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য বলেন, মেয়েটি বিয়ে করতে রাজি ছিল না। সে আরও পড়তে চায়। কিন্তু বাবা-মা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। মেয়েটির এক বান্ধবী বিষয়টি ব্লক প্রশাসনকে জানায়।বিডিও খোঁজখবর নিয়ে জানতে পারেন, জোড়াগেড়িয়া ফাঁড়ির সাবড়া গ্রামের ১৬ বছরের ওই মেয়েটির বিয়ে হতে চলেছে বেলদা থানার মান্ন্যা এলাকার এক তিরিশ বছরের যুবকের সঙ্গে। সকলকে লুকিয়ে সাহানিয়া মন্দিরে বিয়ের ব্যবস্থা করা হয়। সেই মতো বিডিও এবং পুলিস আগে থেকেই মন্দিরের আশপাশে লুকিয়ে থাকেন। রাত সাড়ে ১১টা নাগাদ যখন বর-কনেকে মন্দিরে নিয়ে যাওয়া হয়, বিডিও এবং পুলিস গিয়ে তাদের ধরে ফেলে। তারপর থানায় গিয়ে মুচলেকা লেখানো হয়। -নিজস্ব চিত্র



