সংবাদদাতা, বেলদা: আম্বেদকর ইস্যুতে সোমবার দাঁতন বিধানসভার মোহনপুর বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও সভা হয়। সেই সভায় শাসকদলে যোগ দিলেন বিজেপির জেলা কমিটির সদস্য সহ ৫০জন নেতাকর্মী। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তথা জেলা কমিটির সদস্য সত্যরঞ্জন দাস সহ অন্যরা তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল সভাপতি মানিক মাইতি ও জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন প্রধান।
Advertisement
এদিন দাঁতনেও একটি প্রতিবাদ মিছিল হয়। দাঁতন-১ ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, ব্লক তৃণমূল সভাপতি প্রতুল দাস সহ অন্য নেতৃত্ব অংশ নেন। বেলদাতেও একই ইস্যুতে প্রতিবাদ মিছিল হয়। নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট মিছিলে যোগ দেন। মিছিল শেষে অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। ধনেশ্বরপুরে দাঁতন-২ ব্লক তৃণমূলের তরফে মিছিল হয়। তাতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইফতেকার আলি।-নিজস্ব চিত্র



