সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডি হাঁসরইল বিবেকানন্দ পাঠচক্রের ৫৫ জন শিশুর পুষ্টি ও পড়াশোনার দায়িত্ব নিল রামকৃষ্ণ মিশন। কুশমণ্ডি হাঁসরইল বিবেকানন্দ পাঠচক্র ২০১৭ সাল থেকে ব্লকের পিছিয়ে পড়া দুঃস্থ, মেধাবী পড়ুয়াদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে কোচিং ক্যাম্প চালায়। প্রতিদিন সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনা চলে ক্যাম্পে। স্থানীয় যুবকরা এলাকার দুঃস্থ পড়ুয়াদের পাঠদান করেন। বিষয়টি নজরে আসে রামকৃষ্ণ মঠ মিশনের। মিশনের গদাধর অভ্যুদয় প্রকল্পের মাধ্যমে বিবেকানন্দ পাঠচক্রের প্রায় ৫৫ জন পড়ুয়ার দায়িত্ব নিয়েছে বেলুড় মঠ। প্রত্যেকদিন পাঠচক্রে পড়ুয়াদের পুষ্টিকর খাওয়ার থেকে শুরু করে, পড়াশোনা করার যাবতীয় পুস্তক, খাতা, কলম ছাড়াও শিশুদের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানো হবে। শিশুরা যতদিন পড়াশোনা করবে ততদিন পড়াশোনার সমস্ত খরচ বহন করবে রামকৃষ্ণ মিশন।
Advertisement
প্রত্যন্ত এলাকায় শুধু পাঠদান নয়, দাতব্য চিকিৎসাও চলে রামকৃষ্ণ মিশনের সহযোগিতায়। কুশমণ্ডি হাঁসরইল বিবেকানন্দ পাঠচক্রের অন্যতম উপদেষ্টা দিলীপ মাহাত বলেন, কুশমণ্ডি ব্লকের প্রত্যন্ত গ্রাম হাঁসরইল কৃষিজীবী, শ্রমিক পিছিয়ে পড়া রাজবংশী ও আদিবাসী সমাজের বাস। রামকৃষ্ণ মিশন পিছিয়ে পড়া মেধাবী দুঃস্থ শিশুদের পাশে দাঁড়ানোয় আমরা খুশি।



