Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে পুলিসি নজরদারি বৃদ্ধির দাবি

দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে পুলিসি নজরদারি বৃদ্ধির দাবি
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র চ্যাংরাবান্ধায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে। রাতে তো বটেই, স্থলবন্দর চ্যাংরাবান্ধা এলাকায় দিনের আলোতেও মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ। ট্রাক টার্মিনাস চত্বর থেকে কখনও আস্ত গাড়ি, আবার কখনও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ চুরি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, দাঁড় করিয়ে রাখা গাড়ি থেকে জ্বালানি তেল, ব্যাটারি চুরি কার্যত নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি চুরির ঘটনা পুলিসকে জানিয়েও কোনও কিনারা হচ্ছে না। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ভারতীয় ব্যবসায়ীরা।
Advertisement
গাড়ি চালক বুলবুল হোসেন, মনোজ থাপা, রাম মণ্ডল’রা বলেন, চ্যাংরাবান্ধা ট্রাক টার্মিনাসে কোনও নিরাপত্তারক্ষী নেই। নেই সিসি ক্যামেরার ব্যবস্থাও। এই সুযোগকে কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা। ট্রাক থেকে যন্ত্রাংশ, ব্যাটারি, ডিজেল চুরি করে পালাচ্ছে। তবে মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন, ধারাবাহিক চুরি ঠেকাতে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য পুলিসকে বলা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চ্যাংরাবান্ধা ট্রাক টার্মিনাসে একসঙ্গে প্রায় ৩৫০টি ট্রাক দাঁড়াতে পারে। টার্মিনাসে প্রবেশ ও বের হওয়ার দু’টি বড় গেট রয়েছে। সেখানে কোনও নিরাপত্তা রক্ষী নেই। প্রায় সময়ই গেট দু’টি খোলা থাকে। তাছাড়া টার্মিনাসে ট্রাক দাঁড় করানোর ব্যবস্থা থাকলেও গাড়ি চালক, খালাসি ও অন্যান্য কর্মীদের বিশ্রাম কিংবা রাতে থাকার কোনও ব্যবস্থা নেই। ট্রাক রেখে বাইরে যেতে হয় চালকদের। নেই পর্যাপ্ত আলোর বন্দোবস্ত। 
চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ বলেন, দিন কয়েক আগেও ট্রাক থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে বিক্ষোভে ফেটে পড়েছিলেন গাড়ি চালকরা। বিষয়টি পুলিস ও প্রশাসনের নজরে আনা হয়েছে। চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার বলেন, ট্রাক টার্মিনাসের মূল গেট দু’টি রাতেও খোলা থাকে বলে শুনেছি। দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে টার্মিনাস চত্বরে মানুষের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে।
মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, বেশ কয়েকটি চুরির ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিসি পাহারার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে।
সম্পর্কিত সংবাদ