সংবাদদাতা, তেহট্ট: এক ব্যক্তির পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার তেহট্ট থানার ছাতিনা এলাকায়। কার্তিক চন্দ্র মণ্ডল নামে ওই ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ছাতিনা এলাকায় মাঠের মধ্যে কার্তিক বাবুর একটা পুকুর আছে। সেই পুকুরে মাছ চাষ করে তিনি জীবিকা নির্বাহ করেন। সারা বছর সেই পুকুরে মাছ চাষ হয়। রবিবার রাতে কে বা কারা পুকুরে বিষ দিয়ে দেয়। সোমবার সকাল থেকে সেই পুকুরে মরা মাছ ভাসতে দেখেন এলাকার মানুষজন। পুকুরে মরা মাছ ভাসার খবর পেয়ে কার্তিকবাবু ঘটনাস্থলে যান। এরপর তিনি তেহট্ট থানায় লিখিত অভিযোগ করেন। কার্তিকবাবু বলেন, আমার পুকুরে কে বা কারা বিষ দিয়েছে তা বলতে পারবো না। পুকুরের সব মাছ মরে যাওয়ায় আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হল। এই ক্ষতি আমি কিভাবে পূরন করব। আমি দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি করছি।



