সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার সামাটে দু’টি মন্দিরে মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটেছে। বেশ কয়েকহাজার টাকার রুপোর জিনিস চুরি হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করা হবে।
Advertisement
মঙ্গলবার রাতে ওই গ্ৰামের চক্রবর্তী পরিবারের রাধাকৃষ্ণ মন্দিরে ও রাজাদের আমলের প্রাচীন রাধামাধবের মন্দিরে চুরি হয়। চক্রবর্তী পরিবারের তরফে পলাশ চক্রবর্তী বলেন, আমাদের বহুদিনের পুরনো রাধাকৃষ্ণের মন্দির থেকে বিগ্ৰহের তিনটি রুপোর হার, দু’টি রুপোর মুকুট ও বাঁশি চুরি গিয়েছে। মন্দিরের অনেক সামগ্ৰীও খোয়া গিয়েছে। পাশেই আমাদের মাটির বাড়ি সম্প্রতি ভাঙা হয়েছে। পরিবারের সদস্যরা অন্যত্র আছেন। সেই সুযোগেই কেউ বা কারা চুরি করেছে।একই রাতে ওই গ্ৰামে রাজাদের আমলের রাধামাধবের মন্দির থেকে রুপোর বাঁশি ও অন্য সামগ্রী চুরি যায়। মন্দিরের মূল দরজার একটি পাল্লা ভেঙে দুষ্কৃতীরা চুরি করেছে। গ্ৰামের বাসিন্দা অরূপ চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়ির মন্দিরেও চুরির চেষ্টা চালানো হয়েছে।



