Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরের গৌরায় রাতের অন্ধকারে একের পর এক সৌরবাতি চুরি

দাসপুরের গৌরায় রাতের অন্ধকারে একের পর এক সৌরবাতি চুরি
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: রাতে এলাকার নিরাপত্তার জন্য সরকারি টাকায় সৌরবাতি বসানো হয়েছিল। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে একের পর এক বাতির ব্যাটারি, শোলার প্যানেল ও লাইট চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ফলে চিন্তায় পড়েছেন দাসপুর-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ধারাবাহিকভাবে সৌরবাতি চুরি হওয়ার ঘটনার কথা স্বীকার করেছেন ওই পঞ্চায়েতের প্রধান প্রতিমা আদক সামন্ত। তিনি বলেন, মঙ্গলবার রাতেই লক্ষ্মণচক এলাকা থেকে চারটি সৌরবাতি চুরি হয়েছে। এর আগেই রামপুর রথতলা, সীতাপুর এলাকা থেকে বেশ কয়েকটি বাতি চুরি গিয়েছিল। এত সৌরবাতি চুরি যাওয়ার ফলে এলাকার মানুষজনের সমস্যা হচ্ছে। দাসপুর থানার পুলিস জানিয়েছে, পঞ্চায়েত থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। ঘাটাল-মেচোগ্রাম রাস্তার সোনামুই থেকে একটি ঢালাই রাস্তা জোৎঘনশ্যাম পর্যন্ত গিয়েছে। ওই রাস্তার পাশেই বেশ কয়েকটি সৌরবাতি লাগানো হয়েছে। এক একটি বাতি লাগাতে গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। ওই গ্রামের বাসিন্দা শশীকান্ত সাউ, তুষার বেরা, স্বপন মণ্ডল প্রমুখ বলেন, ওই বাতিগুলি লাগানোর ফলে বছর দেড়েক রাতে গ্রামবাসীদের যাতায়াত করতে সুবিধে হয়। বুধবার সকালে দেখি, এলাকার চারটি সৌরবাতির সবকিছুই চুরি হয়ে গিয়েছে। দু’টি বাতিস্তম্ভ কেটে ফেলে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতেই রামদাসপুরে একটি শীতলা মন্দিরের তালা ভেঙে সোনা-রুপোর গয়না সহ প্রায় ৭০ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়। মন্দির কমিটির কর্মকর্তা গৌতম চক্রবর্তী বলেন, এদিন সকালে দেখা যায়, মন্দিরের গেটের তালাগুলি ভাঙা। প্রতিমার সঙ্গে যে সমস্ত সোনা ও রুপোর গয়না ছিল, সেগুলি চুরি গিয়েছে। প্রণামীবাক্সও দুষ্কৃতীরা নিয়ে চলে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ