Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে উদ্ধার ৭৮ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার পাচারকারী যুবক

দাসপুরে উদ্ধার ৭৮ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার পাচারকারী যুবক
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: নিষিদ্ধ সিরাপ পাচার করতে এসে দাসপুর পুলিসের হাতে ধরা পড়ল ভিন রাজ্যের এক যুবক। মঙ্গলবার রাতে দাসপুর থানার পায়রাশি থেকে নিষিদ্ধ সিরাপ সহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের নাম সীতারাম দাস। সীতারামের বাড়ি ওড়িশাতে। পুলিস জানিয়েছে, তার কাছ থেকে ৭৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হলে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
Advertisement
ওই রাতে সীতারামকে সুলতাননগর-গোপীগঞ্জ রাস্তার পায়রাশিতে ইতস্ততভাবে ঘুরতে দেখা যায়। গোপন সূত্রে খবর, দাসপুর থানার ওসি অঞ্জনিকুমার তেওয়ারি পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন দাসপুর-২ বিডিও প্রবীরকুমার শীট। পুলিস ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই সে ওই মাদক পাচারের কথা স্বীকার করে নেয়। তার ব্যাগের মধ্য থেকে ৭৮ বোতল নিষিদ্ধ সিরাপও উদ্ধার করে পুলিস।
ঘাটাল­মেচোগ্রাম রাস্তার সুলতাননগর বাসস্টপ থেকে অন্য একটি পিচ রাস্তা পশ্চিম মেদিনীপুরের একেবারে পূর্বপ্রান্ত গোপীগঞ্জ পর্যন্ত গিয়েছে। সুলতাননগর­গোপীগঞ্জ রাস্তা থেকে যে সমস্ত রাস্তাগুলি প্রত্যন্ত গ্রামের দিকে গিয়েছে, সেই সমস্ত রাস্তার কয়েকটিতেই রাতে দুষ্কৃতীদের আড্ডা চলে বলে অভিযোগ। তারমধ্যে পায়রাশির ওই পুল এলাকাটি ক্রমশ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই এলাকার বাসিন্দা কাশীনাথ মাজি, দেবাশিস মণ্ডল, সুজিত অধিকারী, তাপস অধিকারী প্রমুখ জানান, পাইরাশি বাসস্টপ থেকে যে রাস্তাটি বৈঠাবাড়ি পর্যন্ত গিয়েছে। ওই রাস্তার উপরে দিনরাত নেশাভাঙের আসর বসে। রাস্তার উপরে মদের বোতল, পলিথিন পড়ে থাকে। মহিলারা ওই রাস্তা দিয়ে গেলে কটূক্তির শিকার হন। রাস্তার উপরে মদ্যপানের ঠেক বসায় অনেকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পান। সীতারাম মঙ্গলবার রাতে ওই এলাকার দুষ্কৃতীদেরই ওই মাদক সিরাপ সরবরাহ করতে এসেছিল বলে অনুমান।
চাঁইপাট বাবলাতলা বাসস্টপ থেকে একটি রাস্তা মানিকদীপা শ্মশান হয়ে গ্রামের দিকে চলে গিয়েছে। ওই রাস্তার উপরেও সকাল থেকে মাঝরাত পর্যন্ত মদ ও গাঁজার ঠেক চলে। মহিলারা ভয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন না। কয়েক মাস আগে ওই রাস্তার মধ্যেই এক স্বর্ণ ব্যবসায়ীর ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের সঙ্গে সঙ্গে পুলিস ঘটনার তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করেছিল। বিকেল ৫টার পর কোনও মহিলা যদি বাস থেকে নামেন, তাহলে তিনি আর ওই রাস্তা দিয়ে যেতে পারেন না। তাঁকে বাড়ির লোককে আনতে আসতে হয়।   তাই ওই রাস্তার দু’দিকের বাসিন্দারা এলাকায় নিয়মিত পুলিস টহলের দাবি তুলেছেন।
সম্পর্কিত সংবাদ