Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে রাজনগর ব্রিজ জবরদখল মুক্ত করল পুলিস, ওসির উদ্যোগে খুশী এলাকাবাসী

দাসপুরে রাজনগর ব্রিজ জবরদখল মুক্ত করল পুলিস, ওসির উদ্যোগে খুশী এলাকাবাসী
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: কয়েক দশকেও যা হয়নি, পুলিস উদ্যোগ নিয়ে কয়েক দিনেই ব্রিজের উপর থেকে সমস্ত অবৈধ দখলদারের সরিয়ে দিল।  পুলিসের উদ্যোগে দাসপুর থানার রাজনগর ব্রিজ বর্তমানে দখল মুক্ত হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। দাসপুর-১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা চিন্ময় চক্রবর্তী বলেন, ব্রিজটি বাম আমল থেকে কিছু ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছিল। বার বার বলেও তাদের ব্রিজ থেকে তোলা যাচ্ছিল না। ফলে খুবই সমস্যা হচ্ছিল। দাসপুর থানার ওসি অঞ্জনিকুমার তেওয়ারি উদ্যোগ নিয়ে কয়েকদিনের মধ্যে সমস্ত দোকানদারদের তুলে দিয়েছেন। এর ফলে খুব সুবিধে হয়েছে। আমরা গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে ওসিকে ধন্যবাদ জানিয়েছি।
Advertisement
দাসপুর-মেদিনীপুর রাস্তার উপরেই রাজনগর জনপদটি রয়েছে। রাজনগর একাধিক প্রাথমিক বিদ্যালয়, গ্রামপঞ্চায়েতের কার্যালয়, হাইস্কুল, ব্যাঙ্ক সহ অনেক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান থাকায় প্রত্যেক দিন জনসমাগমও হয়। সেই সঙ্গে রাজনগর গঞ্জেই কাঁকি নদী ব্রিজ সংলগ্ন এলাকায় প্রত্যেক দিন একটি সব্জি বাজার বসে। স্থানীয় বাসিন্দারা বলেন, সকালের দিকে বাজার বসলেও কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রেতারা তাদের মালপত্র নিয়ে চলে যান। কিন্তু প্রায় দু’দশক ধরে কিছু দোকান ব্রিজের দুই দিকের ফুটপাতের উপর স্থায়ী নির্মাণ করে ব্যবসা চালাতেন। ফুটপাতের উপর দিয়ে যাতায়াত করা যেত না। স্থানীয় বাসিন্দা সঞ্জয় গায়েন, প্রশান্ত সামন্ত প্রমুখ বলেন, ব্রিজের দু’দিক দখল থাকার ফলে দু’দিক দিয়ে গাড়ি যাতায়াতের সময় পথচারিরা ব্রিজের ফুটপাতে উঠতে পারতেন না। এর ফলে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনাও হত। এবার মাধ্যমিক পরীক্ষার সময় সমস্যাটি ওসির নজরে আসে। ব্রিজ দখল করে যারা ব্যবসা করছিলেন তাঁদের চার দিনের মধ্যে সমস্ত নির্মাণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। সেই থেকে ব্রিজ বর্তমানে দখল মুক্ত। এমনকি সকালের দিকের বাজারও আর ওই ব্রিজের উপর বসছে না বলে জানা গিয়েছে। স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের। পুলিস জানিয়েছে, তারা ওই এলাকায় নিয়মিত নজরদারি রেখেছে। এর পর থেকে কেউ ব্রিজ দখল করলেই পুলিস সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ