সংবাদদাতা, ঘাটাল: সাত সকালে এলাকায় পায়রা বিক্রি করতে গিয়ে গ্রামবাসীদের জেরার মুখে পড়ল দুই যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার পার্বতীপুর অঞ্চল ঘাটের সামনে। যদিও পুলিস ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা এলাকা থেকে পালিয়ে যায়। পুলিস ঘটনার কথা স্বীকার করেছে। পুলিস জানায়, প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই দুই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। এদিন ওই এলাকায় তারা বিশেষ প্রজাতির চারটি পায়রা বিক্রি করতে গিয়েছিল। তখনই তাদের ঘিরে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করেন। বনদপ্তরের খড়্গপুরের ডিএফও মনীশকুমার যাদব বলেন, দেশি পায়রা বিক্রি করা যায় না। কিন্তু বিদেশি কিছু প্রজাতির পায়রা রয়েছে যা বনদপ্তরের অনুমতি নিয়ে কেনা যায়। এদিন ওই যুবকদের কাছে পায়রা বিক্রির কোনও কাগজপত্র ছিল না বলে জানা গিয়েছে।



