Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে অদৃশ্য উৎস থেকে বাড়ির চালে লাগাতার ঢিল বৃষ্টি, আতঙ্কে বাসিন্দারা

দাসপুরে অদৃশ্য উৎস থেকে বাড়ির চালে লাগাতার ঢিল বৃষ্টি, আতঙ্কে বাসিন্দারা
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: দিনের আলোয় রহস্যময় ঢিল বৃষ্টি, আতঙ্কে দাসপুর থানার সুরতপুরের গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে রঘুনাথ তেওয়ারির বাড়িতে ঢিল পড়ার ঘটনায় তাজ্জব অনেকেই। গৃহকর্তা রঘুনাথবাবু বলেন, ‘এদিন সকাল থেকেই বাড়িতে একের পর এক ইট ও ঢিল এসে পড়তে শুরু করে। সেই সঙ্গে টিনের চালে ঝাঁকুনি। দিনের আলোয় বেশ খানিকক্ষণ ধরে এমন ঘটনা দেখে আমি ও আমার পরিবারের সকল ভয় পেয়ে গিয়েছি। কোথা থেকে যে ঢিল উড়ে আসছে তা বোঝা যায়নি। বাড়িতে থাকার সাহস পাচ্ছি না। প্রতিবেশীরাও হতবাক।’ ঘটনার কথা পুলিসের কাছেও পৌঁছয়। পুলিস জানিয়েছে, অলৌকিক ব্যাপার নয়। কেন ওই ভাবে ঢিল পড়ছে সেটা তদন্ত করে দেখতে হবে।
Advertisement
রঘুনাথবাবুর টিনের ছাউনির দোতলা বাড়ি। সেই বাড়ির বেড়ার ফোঁকর দিয়ে সূর্যের আলো যেমন ঘরে ঢুকছে, তেমনি এসে পড়ছে ইটের টুকরো। বাড়ির টিনের চালেও এসে পড়ছে একের পর এক ঢিল। এদিন সকালে ওই ঘটনার কথা মুহূর্তে ছড়িয়ে পড়ে গ্রামে। আশপাশের গ্রামের বহু মানুষ তেওয়ারির বাড়িতে ওই ‘অলৌকিক দৃশ্য’ দেখতে জড়ো হন।  গ্রামবাসীরা জানান, তাঁরা সবাই নিজের চোখে ঢিল পড়তে দেখেছেন। কিন্তু কোথা থেকে আসছে এই ঢিল, কেউ বুঝতে পারছেন না। ঢিল পড়া বন্ধ তো হচ্ছেই না, বরং রঘুবাবু হাতে করে সেই ঢিল তুলে দেখাচ্ছেন উৎসুক জনতাকে।
স্থানীয়রা জানান, তেওয়ারি পরিবারের সঙ্গে কারও কোনও শত্রুতা নেই। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তাঁরা শ্বশুরবাড়িতে থাকেন। বাড়িতে থাকেন রঘুনাথবাবু, তাঁর স্ত্রী এবং নাতনি। জমি সংক্রান্ত কোনও বিরোধও নেই। গ্রামের মানুষের মধ্যে কেউ কেউ ভৌতিক ঘটনার কথা বলছেন, আবার কেউ মনে করছেন, কোনও দুষ্টচক্র এর পেছনে রয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।ঘাটাল মহকুমার বিজ্ঞানকর্মী ও যুক্তিবাদী স্কুলশিক্ষক রথীন্দ্র কর্মকার বলেন, ‘বাস্তবে ভৌতিক বা অলৌকিক বলে কিছু নেই। কেউ হয়তো লুকিয়ে মজা করার জন্য ঢিল ফেলছিল। সন্তর্পণে খোঁজ চালালেই কে বা কারা ঢিল ছুঁড়ছিল তা খুঁজে পাওয়া যাবে।’
সম্পর্কিত সংবাদ