সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার রাজনগরে সোনার দোকানে নকল গয়না বিক্রি করতে গিয়ে ধরা পড়ল যুবক। মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই যুবককে পাকড়াও করে পুলিসের হাতে তুলে দেন। পুলিস জানিয়েছে, ওই যুবকের বাড়ি পাঁশকুড়া থানার ভগবানচকে। কিছু সোনালি রঙের গয়না সহ সে ধরা পড়েছে। পুলিস তাকে জিজ্ঞাসাবাদ করছে। ওই গয়না যে সোনার নয়, তা ধৃত যুবক স্বীকার করেছে।
Advertisement
রাজনগরে সাগর মণ্ডলের সোনার দোকান রয়েছে। এদিন বেলা ১০টা নাগাদ ওই যুবক বেশ কয়েকটি সোনালি রঙের গয়না নিয়ে ওই দোকানে যায়। সাগরবাবু বলেন, প্রতিটি গয়নায় হলমার্কের অনুকরণে কোডও দেওয়া ছিল। খুব দক্ষ কারিগর বা দোকানদার না হলে সেই গয়না নকল বলে বোঝা সম্ভব নয়। গয়না হাতে নিয়ে একটু নিরীক্ষণ করে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল, সেগুলি সোনার নয়। তারপর আমি ওই যুবককে পাল্টা প্রশ্ন করতেই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা গিয়ে যুবককে ধরে রেখে পুলিসকে খবর দেন।



