সংবাদদাতা, ঘাটাল: দাসপুরে এক দম্পতির বাড়ির সামনে থাকা পথ কুকুর এক মহিলার পায়ে নখ দিয়ে আঁচড় দিয়েছিল। মানবিকতার জন্য ঘটনার পর জখম মহিলার চিকিৎসার ব্যবস্থা করেন ওই দম্পতি। তবে জখম মহিলা বাড়ি ফিরে গিয়ে দুই প্রতিবেশীকে নিয়ে ওই দম্পতির বাড়ির সামনে চড়াও হয়। দম্পতিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার ডিয়ালচাঁইপাটে। প্রদ্যুৎ পাঁজা এবং মিঠু পাঁজা নামে গুরুতর জখম দম্পতি বর্তমানে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের দু’জনেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পুলিস জানিয়েছে, জখম দম্পতির মেয়ের কাছ থেকে একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় কেউই গ্রেপ্তার হয়নি।



