সংবাদদাতা, ঘাটাল: দাসপুরের অসংগঠিত ইটভাটা শ্রমিকদের আইনের বিষয়ে সচেতন করতে বিশেষ শিবির হল। শনিবার ঘাটাল মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে দাসপুরের চাঁদপুরে একটি ইটভাটায় শিবিরটি হয়। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আইনি অধিকার ও সরকারি সুবিধা সম্পর্কে সচেতন করাই এই শিবিরের মূল লক্ষ্য ছিল। সেখানে ইটভাটা শ্রমিকদের নানারকম আইনি সহায়তার আশ্বাসও দেওয়া হয়। শিবিরে দুই বিশিষ্ট আইনজীবী স্বরূপ ভুঁইয়া ও গৌরীশঙ্কর মণ্ডল উপস্থিত ছিলেন। তাঁরা শ্রমিকদের নানা পরামর্শ দেন। দাসপুর তথা পশ্চিম মেদিনীপুর জেলার ৮০শতাংশ শ্রমিক বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ নানা রাজ্য থেকে আসেন। বছরে সাত-আটমাস থেকে তাঁরা কঠোর পরিশ্রম করেন। কিন্তু তাঁদের বেশিরভাগের রেশন কার্ড, ভোটার কার্ড হয়নি। এখন প্রতিটি সরকারি সুবিধা পেতে আধার কার্ড প্রয়োজনীয়। তাও অনেক শ্রমিকের নেই। সেকারণে তাঁরা রেশন, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকছেন।
Advertisement
আইনজীবীরা জানান, আইনি পরিষেবা প্রকল্পের অধীনে শ্রমিকরা বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অধিকারী। তাঁরা নথিপত্র তৈরির জন্য কী কী করতে হবে-সেসবও শ্রমিকদের বুঝিয়ে দেন। ঘাটাল মহকুমা আইনি পরিষেবা কমিটির সম্পাদক সৌভিক বেরা বলেন, ঘাটাল মহকুমার সমস্ত ইটভাটা ও অন্য ক্ষেত্রের অসংগঠিত শ্রমিকদের আইনি সহায়তা ও সরকারি সুবিধা পাওয়ার বিষয়ে আমরা সহযোগিতা করব।



