সংবাদদাতা, ঘাটাল: উচ্চ মাধ্যমিকের প্রশ্ন নিয়ে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন দাসপুর থানার গৌরা-সোনামুই হাই স্কুলের টিআইসি। সোমবার ঘাটাল-মেচোগ্রাম রাস্তার দাসপুর গঞ্জের সামনে ওই দুর্ঘটনাটি ঘটেছে। জখম টিআইসির নাম রঞ্জিত জানা। তাঁর স্কুলেই কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের সেন্টার পড়েছে, তিনি ওই পরীক্ষা সেন্টারে সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। পুলিস জানিয়েছে, এদিন সকালের দিকে দুর্ঘটনাটি ঘটেছে। তবে প্রশ্নপত্রের কোনও সমস্যা হয়নি। পরীক্ষা নির্বিঘ্নেই ঘটেছে।
Advertisement
এদিন সকালে তিনি দাসপুর থানা থেকে বাইকে করে প্রশ্নপত্র নিয়ে যাচ্ছিলেন। সেই সময় দাসপুরের সবুজ সঙ্ঘ ক্লাবের মাঠের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে মাল বোঝাই চলছিল। সেই লরি থেকেই ছুঁড়ে দেওয়া একটি দড়ি রঞ্জিতবাবুর গলায় জড়িয়ে যায়। ফলে তিনি সঙ্গে সঙ্গে রাস্তার উপর পড়ে যান। ফলে তাঁর কলারবোন ও পাঁজর ভেঙে গিয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওই অবস্থাতেই জখম শিক্ষক তাঁর চিকিৎসা না করিয়ে অন্যদের সহযোগিতায় স্কুলে প্রশ্নপত্র নিয়ে যান। স্কুলে থেকেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করান। পরীক্ষার শেষে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।



