সংবাদদাতা, ঘাটাল: বছর সাতেকের নাতিকে নিয়ে বেপরোয়া বাইক চালাচ্ছিল নেশাগ্রস্ত দাদু। রবিবার দুপুরে চোলাই খেয়ে নাতিকে নিয়ে বেপরোয়াভাবে বাইক চালানোর সময় ওই ব্যক্তি পুলিসের হাতে আটক হল। দাসপুরের নিমতলায় ঘাটাল-মেচোগ্রাম সড়কে এঘটনা ঘটেছে। পুলিস ওই বালককে বাড়িতে পৌঁছে গিয়েছে।ওই বালকের বাড়ি দাসপুর থানার বৈকুণ্ঠপুরে। সে হুগলি জেলার বদনগঞ্জে দাদুর বাড়ি গিয়েছিল। এদিন সেখান থেকেই দাদুর বাইকে চেপে বৈকুণ্ঠপুরে আসছিল। কিন্তু পথের ক্লান্তি কাটাতে মাঝপথে চোলাই খেতে ভোলেনি দাদু। তারপরই সে বেপরোয়া গতিতে বাইক চালাতে শুরু করে। দাসপুরের নিমতলায় ট্রাফিক গার্ড প্রথমে প্রচণ্ড গতিতে বাইকটি আসতে দেখে থামার ইশারা করে। কিন্তু মদের নেশায় পুলিসকে বুড়ো আঙুল দেখিয়ে দাদু বাইক ছোটাতেই থাকে। পুলিস বাইকটি ধাওয়া করে ধরে ফেলে।



