সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার বালিতোড়া গ্রামের এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে চুরির ঘটনা জানাজানি হয়। আত্মীয়র বাড়ি থেকে শুক্রবার সকালে বাড়ির মালিক এসে দেখেন দরজার তালা ভাঙা। আলমারিতে রাখা প্রায় ৭০ গ্রাম সোনার গয়না এবং নগদ চার হাজার টাকা চুরি হয়েছে বলে বাড়ির মালিকের দাবি। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। বাড়ির মালিক চূড়ামণি সামন্ত বলেন, বৃহস্পতিবার দাসপুরেই কলোড়াতে তাঁরা সস্ত্রীক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা খবর দেন তাঁদের বাড়ির দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়িতে ঢুকে দেখেন সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করা রয়েছে। আলমারিতে রাখা সোনার গয়না ও নগদ টাকা নেই। ওই সামন্ত বাড়ি ছাড়াও পাশের গ্রামের সেকেন্দারি বাজারে একটি দোকানেও চুরি হয়েছে। এছাড়া অন্য একটি দোকানে চুরির চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে। শীতের শুরুতেই দাসপুর এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।



