Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে বালিবোঝাই ভ্যান আটক, পথ অবরোধ

দাসপুরে বালিবোঝাই ভ্যান আটক, পথ অবরোধ
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: নদী থেকে বালি তুলে পাচার চলছিল। সোমবার সেই বালিবোঝাই কয়েকটি ভ্যান পুলিস আটক করতেই ভ্যানচালকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা এদিন দাসপুর-মেদিনীপুর রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। অফিস টাইমে ওই ব্যস্ত রাস্তা বহুক্ষণ অবরোধ করে রাখায় বহু মানুষ দুর্ভোগে পড়েন। পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
Advertisement
পুলিস জানিয়েছে, দাসপুর-১ ব্লকের রাজনগরে নদী থেকে বালি তুলে ভ্যানে চাপিয়ে পাচার করা হচ্ছিল। পুলিসের নজরে এলে একটি ইঞ্জিনচালিত ভ্যান ও কয়েকটি সাইকেল ভ্যান আটক করা হয়। তাতেই চালকরা ক্ষিপ্ত হয়ে অবরোধে শামিল হন।
বর্ষার পর জল কমতেই ঘাটাল মহকুমার বিভিন্ন নদী থেকে অবাধে বালি চুরি চলছে। প্রশাসনের তোয়াক্কা না করেই ভোর থেকে রাত পর্যন্ত বালি পাচার চালানো হয়। স্থানীয়রা প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয়। ট্রাক্টর থেকে শুরু করে সমস্ত ধরনের মালবাহী গাড়ি পাচারের কাজে ব্যবহার করা হয়।এদিন রাজনগরে কংসাবতী নদী থেকে বালি তুলে বেশ কয়েকটি ভ্যানে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে পুলিস রাস্তা থেকেই একটি ইঞ্জিনচালিত ভ্যান ও পাঁচটি সাইকেল ভ্যান আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু এরপরই ভ্যানচালকরা রাজনগরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু হয়। চালকদের মধ্যে বুদ্ধদেব দলুই, রাজু দলুই জানান, তাঁরা ভাড়ার বিনিময়ে অন্যের কাজ করে দেন। পুলিস তাঁদের ভ্যান আটক করলেও প্রকৃত বালি পাচারকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ