সংবাদদাতা, ঘাটাল: নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ধাক্কা দিল রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে। প্রাণ গেল বাইক চালকের। মঙ্গলবার রাতে ওই বাইক দুর্ঘটনাটি ঘটেছে দাসপুর থানার ধর্মসাগরে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম শেখ মৈনুদ্দিন (২৬)। ধর্মসাগরেই বাড়ি। রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিস। বুধবার মৃতদেহ ময়নাতদন্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
মৈনুদ্দিন কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকতেন। কয়েকদিন হল বাড়িতে এসেছেন। ওই রাতে তিনি বাইকে করে বেলতলা-কাকদাঁড়ি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। রাতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা মারে। বাইক ছিটকে গিয়ে মাঠে পড়ে। মৈনুদ্দিনও বাইক থেকে আরও কিছুটা দূরে ছিটকে যায়। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে যখন উদ্ধার করতে যান তার আগেই তিনি মারা গিয়েছিলেন বলে পুলিস সূত্রে জানানো হয়েছে।



