Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুর ১ পঞ্চায়েতে ভেঙে পড়া ভসরা সেতুর সংস্কার হয়নি, বাঁশের সাঁকো তৈরি স্থানীয়দের

দাসপুর ১ পঞ্চায়েতে ভেঙে পড়া ভসরা সেতুর সংস্কার হয়নি, বাঁশের সাঁকো তৈরি স্থানীয়দের
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: দিন দশেক আগে ভসরা খালের ওপর থাকা পুরানো কাঠের সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই গ্ৰামবাসীরাই উদ্যোগ নিয়ে তৈরি করলেন বাঁশের নতুন সাঁকো। চার-পাঁচ দিনের প্রচেষ্টায় মঙ্গলবার তারা বাঁশের সাঁকোটি নির্মাণের কাজ শেষ করেন। বুধবার থেকে পারাপার শুরু হয়। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ায় গ্ৰামবাসীদের সমস্যা হচ্ছে তা বুঝতে পারছি। যেহেতু সেতুটি অনেকদিনের তাই ওই সেতুটি সংস্কার করা সম্ভব নয়। তবে খুব শীঘ্রই ওই জায়গায় নতুন সেতু নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
Advertisement
ভসরা খালের ওপর থাকা কাঠের সেতুটি ৮ ডিসেম্বর দুপুরে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ফলে সমস্যায় পড়েন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দুই মেদিনীপুরের মানুষের মধ্যে। স্থানীয়দের জানান, প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনও কাজ হয়নি। তাই গ্ৰামবাসীরা নিজেদের সুবিধার্থে উদ্যোগ নিয়ে সাঁকো তৈরির কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দা কার্তিক দোলই, স্বরূপ দোলই প্রমুখ বলেন, ‘গ্ৰামের বাসিন্দারাই কেউ বাঁশ দিয়ে সাহায্য করেছেন। কেউ টাকা দিয়ে সাহায্য করেছেন। দুই মেদিনীপুরের মানুষের সহযোগিতায় বাঁশের সাঁকোটি তৈরি করা হয়েছে।’ 
প্রসঙ্গত, ভসরা খালের ওপর ওই সেতুটি বামফ্রন্ট আমলে তৈরি করা হয়েছিল। সেতুটি তৈরি হওয়ার ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার বহু মানুষের সুবিধা হয়েছিল। কারণ ওই সেতুটি দিয়ে পশ্চিম মেদিনীপুরের জোতিসব, বিহারীচক, চকসুন্দর, ধর্মা এবং পূর্ব মেদিনীপুরের গোপালহাজরা, রাধাবল্লভপুর, বলরামপুর, সাহালাজপুর সহ দুই জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করতেন। কিন্তু হঠাৎ করে সেতুটি ভেঙে পড়ায় ঘুরপথে যাতায়াত করতে হত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বছর কয়েক আগেই সেতুটি নড়েবড়ে হয়ে গিয়েছিল। কাঠের পাটাতনগুলি খুলে সেতুর মাঝে মাঝে ফাঁক তৈরি হয়েছিল। যারফলে হেঁটে চলাচল করতে গিয়ে যেকোনও সময় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। ওইদিন হঠাৎ করে ভেঙে পড়ে সেতুটি।
সম্পর্কিত সংবাদ