সংবাদদাতা, ঘাটাল: মঙ্গলবার থেকে দাসপুর-১ ব্লকের পাইকান বোয়ালিয়াতে একটি নতুন হাটের সূচনা হল। ওই হাটটি শুরু হওয়ার ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি থানা এলাকার প্রায় ১৫টি গ্রামের মানুষ উপকৃত হবেন। এদিন ওই হাটের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়েছিলেন নন্দনপুর-২ গ্রামপঞ্চায়েতে প্রধান দুলালচন্দ্র মণ্ডল, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস মাজি প্রমুখ। তাঁরা জানান, এই এলাকায় সব্জি হাটের খুবই প্রয়োজন ছিল। গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে হাটটির সূচনা করায় বহু মানুষের সুবিধে হবে। আগামী দিনে হাটের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে কোনও সহযোগিতা করা যায় কিনা সেটাও গ্রামপঞ্চায়েত ভাবনাচিন্তা করবে।
Advertisement
পাইকান বোয়ালিয়া গ্রাম লাগোয়া রয়েছে পাঁশকুড়া এবং ডেবরা থানা। তিনটি থানা এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সব্জি ও মাছ মাংস কিনতে হলে আট কিলোমিটার দূরের খুকুড়দহ বাজার কিংবা ন’ কিলোমিটার দূরের গৌরা বাজারে যেতে হত। ফলে ওই এলাকার বাসিন্দাদের খুবই সমস্যা হত। ওই গ্রামের বাসিন্দা তথা হাট কমিটির কোষাধ্যক্ষ কার্তিককুমার দলুই জানান, সেজন্য তাঁরা ভসরা খালের পাড়ে ওই হাটটি বসানোর পরিকল্পনা নিয়েছেন। দাসপুর থানার পাইকান বোয়ালিয়া, জোতিসব, মানিকপুর, গদাইপুর, নবীন মহেষপুর, ডেবরা থানার চকপ্রয়াগ, জোৎনারায়ণ, পাঁশকুড়া থানার রাধাবল্লভপুর, গোপালহাজরা, চকগোপাল, সাহালাজপুর সহ তিনটি থানার বেশ কয়েটি গ্রামের মানুষ উপকৃত হবেন। হাতের নাগালের মধ্যে হাট বসার ফলে এলাকার কৃষকেরাও তাঁদের জমির উৎপন্ন ফসল ওই হাটে গিয়ে বিক্রি করতে পারবেন। পাইকান বোয়ালিয়া শিবতলা হাট কমিটির সভাপতি সুজিত কুমার দলুই ও সম্পাদক প্রতাপ দলুই বলেন,‘সপ্তাহে দু’দিন তথা মঙ্গলবার ও শনিবার সকালে হাটটি বসবে। হাটে সব্জি ছাড়াও মাছ ও মাংসও পাওয়া যাচ্ছে।’প্রথম দিনেই প্রায় ৬৫ জন বিক্রেতা তাঁদের মালপত্রের পসরা নিয়ে বসেছিলেন। ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাড়ির সামনে হাট পেয়ে প্রথম দিনে অনেকেই ব্যাগ ভর্তি বাজার করেছেন। যেহতু খালের বাঁধের উপর হাটটি বসানো হয়েছে তাই যতখুশি বিক্রেতা ওই হাটে গিয়ে মালপত্র বিক্রি করতে পারবেন। হাট কমিটির সদস্যরা জানান, যেহেতু এলাকার চাষিরাই এই হাটে তাঁদের সব্জি বিক্রি করবেন তাই আনাজের দামও তুলনামূলকভাবে কম হবে। হাটকমিটি খুব শীঘ্রই অস্থায়ী শৌচালয় এবং আবর্জনা ফেলার জায়গার ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছে।



