Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে মালদহের বাজারে মিলবে নবাবগঞ্জের বেগুন  

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে মালদহের বাজারে মিলবে নবাবগঞ্জের বেগুন
 
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে মিলবে মালদহের নবাবগঞ্জের বেগুন। তারপর থেকে শীতের মরশুম সহ বেশ কয়েক মাস ধরে জেলার বাজারগুলিতে এই বেগুনের ভালো চাহিদা থাকে। জেলার বিক্রেতারা বাইরের জেলা ও রাজ্যেও এই বেগুন রপ্তানি করেন। শুধু তাই নয়, শীতের সময় জেলার কেউ বাইরে ঘুরতে গেলে নবাবগঞ্জের বেগুন সঙ্গে নিয়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। এই বেগুন বাজারে আসা নিয়ে ক্রেতারা উৎসাহিত হয়ে রয়েছেন। মালদহ জেলা উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, এখন নভেম্বর চলছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আশা করি বাজারগুলিতে নবাবগঞ্জের বেগুন পাওয়া যাবে। এবারও আমরা ভালো ফলনের আশা করছি। শীতের মরশুমের শেষ পর্যন্ত এই বেগুন পাওয়া যাবে। উল্লেখ্য, জেলা জুড়ে ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের বেগুনের চাষ হয়। তার মধ্যে ১৬০ হেক্টর জমিতে নবাবগঞ্জের বেগুনের চাষ হয়। এবারও জেলায় ৩৫০০ মেট্রিক টন বেগুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এটি একটি বিশেষ প্রজাতির বেগুন। এর সাইজ সাধারণ বেগুনের মতো নয়। বেশ লম্বা হয়। বীজ কম থাকে। সবুজ রঙের হয়। একটির ওজনই এক থেকে দুই কেজি হয়। মালদহ ছাড়া অন্য কোথাও নবাবগঞ্জের বেগুনের চাষ হয় না। জেলার ইংলিশবাজার, মঙ্গলবাড়ি বাজার, সদরঘাট, আদিনা, নবাবগঞ্জ সহ বিভিন্ন হাটে এই বিশেষ প্রজাতির বেগুন পাওয়া যায়। পুরাতন মালদহের বেগুন বিক্রেতা তিলক রাওনিয়াত বলেন, গত বছর আমি দেড় কুইন্টাল নবাবগঞ্জের বেগুন বিক্রি করেছি। বাজারে এই বেগুনের চাহিদা ভালো। অতীতে এই বেগুন শুধু নবাবগঞ্জ হাটে বেশি পাওয়া যেত। সেজন্য হাটের নাম অনুসারে বেগুনের এই নামকরণ হয়েছে বলে আমরা জানি। আগে আড়াই কিলো সাইজের বেগুন বেশি হতো। এখন ওজন একটু কমে গিয়েছে। পুরাতন মালদহের বাসিন্দা নরেশ সরকার বলেন, বাজারে খোঁজ নিয়েছি। এবার এখনও ওই বেগুন পাওয়া যায়নি। মালদহ জেলা বণিক সভার সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, নবাবগঞ্জের বেগুন এখনও বাজারে আসেনি। চাহিদা থাকায় প্রতি বছরই ভালো ব্যবসা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ