সংবাদদাতা বোলপুর: বর্তমানে দৃশ্য দূষণ ব্যাপকভাবে সামাজিক ব্যাধির রূপ নিয়েছে। চোখের সামনে নোংরা- আবর্জনা সহ অশ্লীলতা, দৃষ্টিকটু জিনিসপত্র দেখে মানুষ ক্লান্ত। তাই, পথ চলতি মানুষের চোখে আরাম দিতে এবার অভিনব পন্থা অবলম্বন করল শতাব্দী প্রাচীন বোলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। সম্প্রতি, সীমানার পাঁচিল রং করেছে স্কুল কর্তৃপক্ষ। সেখানে, যাতে সিনেমা বা অনুষ্ঠানের পোস্টার লাগিয়ে কেউ দেওয়াল অপরিষ্কার না করে, সেজন্য রং তুলি দিয়ে আঁকিবুকি ফুটিয়ে তুলল পড়ুয়ারা। মূলত পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চিত্র ও বার্তা রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সেই কাজে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকরাও হাত লাগিয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রাক্তনী সঙ্ঘের সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়। তাঁরা বলেন, আমাদের স্কুলের পাশের রাস্তাটি কলেজ রোড বলে পরিচিত। এই রাস্তাতে রয়েছে আরও তিনটি স্কুল ও কলেজ। দেওয়ালগুলি বিজ্ঞাপনে ঢেকে যাওয়ায় বাড়ছিল দৃশ্যদূষণ। অথচ এই রাস্তায় প্রতিদিন কয়েকশো ছাত্র-ছাত্রী যাতায়াত করে। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ এগিয়ে আসায় আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। বিষয়টি দৃষ্টিনন্দন হওয়ায় বোলপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।



