Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দশ বছর পর মার্কেট কমপ্লেক্সের বন্ধ কাজ শুরু করছে জেলাপরিষদ

দশ বছর পর মার্কেট কমপ্লেক্সের বন্ধ কাজ শুরু করছে জেলাপরিষদ
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: প্রায় ১০বছর পর কান্দিতে বন্ধ থাকা মার্কেট কমপ্লেক্সের কাজ মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে শুরু হতে চলেছে। এজন্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এক সপ্তাহের মধ্যেই কাজের শিলান্যাস হতে চলেছে বলে জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে।
Advertisement
কান্দি পুরভবনের কাছেই জেলা পরিষদের কয়েক বিঘা জমি রয়েছে। কয়েক দশক আগে জেলা পরিষদের তরফে সেখানে গেস্ট হাউস তৈরি করা হয়েছিল। তার বেশ কয়েকটি ঘর এখন পরিত্যক্ত। পুরো এলাকা আগাছা ও জঙ্গলে ঢেকে গিয়েছে। ফলে দিনের বেলাতেও সাপের ভয়ে মানুষ সেখানে যেতে সাহস পান না।
প্রায় ১০বছর আগে জেলা পরিষদ সেখানে মার্কেট কমপ্লেক্স গড়তে উদ্যোগী হয়েছিল। তারজন্য কয়েকটি প্রাচীন গাছ কেটে ফেলা হয়। ওই সমস্ত গাছ কাটার প্রতিবাদে শহরের প্রবীণ বাসিন্দা, শিল্পী, সাহিত্যিক সহ সাধারণ মানুষ আন্দোলনে নামেন। অভিযোগ, সেসময় কান্দি পুরসভার তরফেও ওই প্রকল্পে অসহযোগিতা করা হয়। ফলে তখন মার্কেট কমপ্লেক্স তৈরি শুরুই করতে পারেনি।
সম্প্রতি ফের জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এলাকা পরিদর্শন করেছেন। মার্কেট কমপ্লেক্সের নকশাও তৈরি করা হয়েছে। প্রকল্প নিয়ে কান্দি পুরসভার সঙ্গে আলোচনাও করা হয়। পরে জেলা পরিষদের তরফে প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করা হয়।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস বলেন, প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এক সপ্তাহের মধ্যেই শিলান্যাস হতে চলেছে। কান্দি পঞ্চায়েত সমিতি ও পুরসভা কাজ দেখাশোনা করবে।
কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, আমাদের শহর এখন ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে। সেই কারণে মার্কেট কমপ্লেক্সের প্রয়োজন। এই প্রকল্প হলে বেকার যুবকদের কর্মসংস্থানও হবে। যেখানে এটি তৈরি হতে চলেছে, সেটা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা।
তিনতলা মার্কেট কমপ্লেক্সে প্রায় ১০০টি স্টল থাকছে। সেখানে বেকার যুবক-যুবতীরা ব্যবসা করতে পারবেন। এছাড়া, একটি কনফারেন্স হল ও একটি ফুড পার্ক গড়ার পরিকল্পনা রয়েছে। গ্রাউন্ডে পার্কিং জোন তৈরি ও সৌন্দর্যায়ন হবে।
সম্পর্কিত সংবাদ