নিজস্ব প্রতিনিধি, তমলুক: বছরে শুধুমাত্র পার্কিং ফি বাবদ কোটি টাকা আয় করতে চলেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। ওল্ড দীঘা এবং নিউ দীঘায় মোট ১২টি পার্কিং স্পেস চিহ্নিত করা হয়েছে। ওইসব পার্কিং স্পটের লাইসেন্স দেওয়ার জন্য ১৮নভেম্বর ই-টেন্ডার ডেকেছে ডিএসডিএ। আগামী ৩ডিসেম্বর পর্যন্ত টেন্ডার জমা করা যাবে। কোন গাড়ি থেকে পার্কিং ফি বাবদ কত টাকা আদায় করা যাবে সেটাও নির্দিষ্ট করে দিয়েছে ডিএসডিএ। নিউ দীঘা ও ওল্ড দীঘা মিলিয়ে ১২টি পার্কিং স্পেসের লাইসেন্স দেওয়ার জন্য রিজার্ভ প্রাইস বা সংরক্ষিত মূল্য রাখা হয়েছে ৯০লক্ষ টাকা। টেন্ডারে অংশ নিতে গেলে ৯০লক্ষ টাকার ঊর্ধ্বে উঠতে হবে। যিনি সর্বোচ্চ দর দেবেন তাঁর হাতে লাইসেন্সশিপ তুলে দেবে ডিএসডিএ। এর আগে ন’টি পার্কিং এরিয়া ছিল। সেখান থেকে ৫৭লক্ষ টাকা রেভিনিউ আসত। এবার পার্কিং জোনের সংখ্যা ও এরিয়া বৃদ্ধি পাওয়ায় রাজস্বের পরিমাণও বাড়বে।
জানা গিয়েছে, দীঘায় সৈকতাবাসের সামনে ৫১০৬ বর্গফুট, বিশ্ববাংলা-১ নম্বর উদ্যানের উত্তর দিক, র্যান্সউইক হাউস কম্পাউন্ডের সামনে এবং পিএইচই অফিস ও বাংলোর সামনে পার্কিং এরিয়ার লাইসেন্স দেবে ডিএসডিএ। এছাড়া, দিশারি বিল্ডিংয়ের পশ্চিম অংশে, রেলওয়ে স্টেশন ঘাট, পুলিশ হলিডে হোম সংলগ্ন এরিয়া, ৪লক্ষ ৭৬হাজার বর্গফুটের হেলিপ্যাড পার্কিং গ্রাউন্ড, ইকোনমি হস্টেল এরিয়া, ওশিয়ানার সম্মুখে এবং ওল্ড দীঘায় নেহরু মার্কেটের পশ্চিম অংশ ও সামনের অংশে পার্কিং এলাকা চিহ্নিত করা হয়েছে। কোথায় কত বর্গফুট এলাকা তাও টেন্ডারে উল্লেখ করেছে ডিএসডিএ। ওই ১২টি পার্কিং এলাকার লাইসেন্স তুলে দিতে চায় ডিএসডিএ। সেখান থেকে বছরে প্রায় কোটি টাকা রোজগার হতে চলেছে।
ডিএসডিএ অনুমোদিত ওই পার্কিং এলাকা থেকে সংস্থার নিয়ম মেনেই গাড়িপিছু ফি আদায় করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত সংস্থা এই মূল্য তালিকা পরিবর্তন করতে পারবে না। জানা গিয়েছে, বাস, লরির জন্য প্রতি ১২ঘণ্টায় ১০০টাকা, মিনিবাস ও মাঝারি গাড়ির জন্য ৬০টাকা, প্রাইভেট গাড়ির জন্য প্রতি ১২ঘণ্টায় ৫০টাকা, বাইক রাখলে প্রতি দু’ঘণ্টায় ১৫টাকা পার্কিং ফি আদায় করতে পারে বরাত পাওয়া সংস্থা। দীঘার সৌন্দর্যায়ন এবং রেনিভিউ আদায়ের বিষয়টি দেখভাল করে ডিএসডিএ। রাজ্যে পালাবদলের পর দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ(ডিএসডিএ) নতুন করে সাজানো হয়েছে। কারণ, অতীতে এখানে সিইও পদ ছিল না। গত ২৮আগস্ট কাঁথির মহকুমা শাসক প্রতীক অশোক ধুমল অতিরিক্ত জেলাশাসক পদে প্রমোশন পেয়ে ডিএসডিএর সিইও হয়েছেন। ১৯নভেম্বর ডিএসডিএর এগকিউটিভ অফিসার(ইও) পদের অবলুপ্তি ঘটিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে অ্যাডিশনাল এগজিকিউটিভ অফিসার(এইও) পদ তৈর করা হয়েছে। এগজিকিউটিভ অফিসার পদে থাকা সুরজিৎ পণ্ডিতের পদাবনতি ঘটিয়ে অ্যাডিশনাল এগজিকিউটিভ অফিসার(এইও) পদে পাঠানো হয়েছে।



