সাবেকি শুক্তো
সাবেকি শুক্তো
উপকরণ: উচ্ছে ৩-৪টে, রাঙালু ১টা, আলু ১টা, বেগুন ১টা, সজনে ডাঁটা ২-৩টে, কাঁচকলা ১টা, বরবটি ৫-৬টা, টুকরো, বড়ি ৮-১০টা, তেজপাতা ২টো, পোস্তবাটা ১ টেবিল চামচ, সর্ষেবাটা ১ চামচ, আদাবাটা ১ চা চামচ, নুন, রাঁধুনি ও মৌরি বাটা ১ চামচ, চিনি স্বাদ মতো, তেল পরিমাণ মতো, পাঁচফোড়ন চা চামচ, পাঁচফোড়ন গুঁড়ো ২ চামচ, তেজপাতা ২টো, ঘি ১ চামচ, দুধ ১ কাপ, ময়দা ১ চা চামচ।
প্রণালী: সব সব্জি লম্বা করে কেটে ভালো করে ধুয়ে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে বড়ি ভেজে তুলে রাখুন। উচ্ছে ভেজে নিয়ে একে একে সব সব্জি দিয়ে ভেজে নিন। আদাবাটা, রাঁধুনি, মৌরি বাটা দিয়ে সব সব্জি দিয়ে কষে নিন। পরিমাণমতো জল দিন যাতে সব্জি সেদ্ধ হয়। সর্ষে বাটা, পোস্ত বাটা, নুন, চিনি দিয়ে রান্না হতে দিন। খানিক বাদে একবার ফোটার পর ভাজা বড়ি দিয়ে দিন। ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ফুটে উঠলে এক কাপ দুধে এক চামচ ময়দা গুলে ঝোলের সঙ্গে মিশিয়ে দিন। ঘি ও পাঁচফোড়ন গুঁড়ো দিন। কিছুক্ষণ ফুটিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিন। নামিয়ে গরম ভাত সহযোগে পরিবেশন করুন শুক্তো।
পলতার শুক্তো
উপকরণ: পলতা পাতা ১ আঁটি, রাঙালু ১টা, বেগুন ১টা, সজনে ডাঁটা ২-৩টে, কাঁচকলা ১টা, থোড় ৪-৫ টুকরো, বড়ি ৩-৪টে অথবা মটর ডালের বড়া ৩-৪টে, তেজপাতা ২টো, পোস্তবাটা ১টেবিল চামচ, সাদা সর্ষে বাটা ১ চামচ, আদাবাটা ১ চা চামচ, নুন, চিনি স্বাদ মতো, তেল পরিমাণ মতো, পাঁচফোড়ন চা চামচ, ঘি ১চামচ।
প্রণালী: সব সব্জি লম্বা করে কেটে নিন। পলতা পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিন। পাতা বেছে নিয়ে ডাঁটিগুলো আলাদা করে রাখুন। সেগুলো সব্জির সঙ্গে ভেজে নিন। কড়াইয়ে তেল দিয়ে বড়ি ভেজে তুলে নিন। এবার ওই তেলে পাঁচফোড়ন দিয়ে সব সব্জি দিয়ে কষে নিন। সর্ষেবাটা, পোস্তবাটা, নুন, হলুদ, চিনি দিয়ে জল দিন। আগে থেকে ভেজে রাখা পলতা পাতা দিন। ফুটে উঠলে ঘি ও আদাবাটা দিন। ভেজে রাখা বড়ি দিন। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পলতা পাতার শুক্তো খুবই ভালো লাগে খেতে।
নিমপাতার শুক্তো
উপকরণ: নিমপাতা ২ আঁটি, রাঙালু ১টা, বেগুন ১টা, সজনে ডাঁটা ২-৩টে, কাঁচকলা ১টা, থোড় টা, মুলো ১টা, শিম ৫-৬টা, বড়ি ৮-১০টা, তেজপাতা ২টো, সর্ষেবাটা
১ চামচ, আদাবাটা ১ চা চামচ।
প্রণালী: কড়াইতে সর্ষের তেল গরম করে বড়ি ভেজে তুলে রাখুন। একে একে সব সব্জি ওই তেলে দিয়ে ভেজে নিন। পরিমাণ মতো জল দিন। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিন। আদাবাটা, সর্ষেবাটা, নুন, চিনি দিয়ে দিন। ভাজা বড়ি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন। অন্য প্যানে তেল গরম করে নিমপাতা একদম মুখমুচে করে ভেজে নিন। তাতে পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে ঝোলসুদ্ধ তরকারি ঢেলে দিন। কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করুন।
ঝিঙের শুক্তো
উপকরণ: ঝিঙে ৫০০ গ্ৰাম, সামান্য শিউলি পাতা, মটর ডাল ১০০ গ্ৰাম, সাদা সর্ষে ২ টেবিল চামচ, পোস্ত ২ টেবিল চামচ, আদা বাটা চা চামচ, নুন, চিনি স্বাদ মতো, তেল পরিমাণ মতো।
প্রণালী: সামান্য সর্ষে ফোড়নের জন্য রেখে বাকি পোস্ত সহ বেটে নিন। ঝিঙের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিন। মটর ডাল আগের রাতে ভিজিয়ে বেটে নিন। কড়াইতে তেল গরম করুন। ডালবাটায় নুন দিয়ে ভালো করে ফেটিয়ে বড়ার আকারে গড়ে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে সামান্য সর্ষে ফোড়ন দিন। ঝিঙে দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করুন। এক কাপ জল দিন। ভেজে রাখা ডালের বড়া ও শিউলি পাতা দিন। ঢাকা দিয়ে রান্না করুন। ঝিঙে সেদ্ধ হলে আদা, পোস্ত ও সর্ষে বাটা দিন। চিনি দিন। ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন।
দেবারতি রায়