সংবাদদাতা, উলুবেড়িয়া : লোকে বলে, মদের নেশা সর্বনাশা। সেই নেশার ঘোরে হুঁশ খুইয়ে রাতের অন্ধকারে নারকেল গাছের মাথায় চড়ে বসল এক যুবক। সেই মদ্যপকে গাছ থেকে নামাতে ডাকতে হল দমকল। তবে খুব সহজে নামানো যায়নি তাঁকে। রীতিমত বেগ পেতে হয়েছে দমকল এবং পুলিশকর্মীদের। প্রায় ঘণ্টাখানেক সময় লাগে মদ্যপকে বুঝিয়ে সুজিয়ে গাছ থেকে মাটিতে নামাতে। তারপর তাঁকে হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়া থানার পারিজাত এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গরুহাটা তেঁতুলতলার বাসিন্দা অশোক রায়। বয়স ৩০ বছর। গাছ কাটার কাজ করে এবং ইঞ্জিন ভ্যান চালিয়ে সংসার চালান। স্থানীয় সূত্রে খবর, বৃ্হস্পতিবার সন্ধ্যায় পারিজাত এলাকায় মদ্যপ অবস্থায় অচেনা এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে কয়েকজন তাঁকে তাড়া করে। তাড়া খেয়ে অশোক ভয়ে একটি নারকেল গাছের উপর চড়ে বসেন। এই খবর ছড়িয়ে পড়ার পর দলে দলে লোকজন জড়ো হয়। ভিড় জমে যায় গাছের নীচে। বাসিন্দাদের বক্তব্য, গাছ থেকে নামতে বললেও মদ্যপ গাছ থেকে নামেননি। উল্টে তাঁদের লক্ষ্য করে ডাব ছুঁড়েছে। এরপর তারা পুলিশ ও দমকলকে খবর দিয়েছে। উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে গাছে মই লাগিয়ে অশোককে নীচে নামতে অনুরোধ করে। কিন্তু তিনি নামতে চাননি। পাইপ দিয়ে জল ছোড়ার ভয় দেখানো হলেও ছিলেন অনড়। এই নিয়ে দীর্ঘসময় ধরে টালবাহানা চলে। অবশেষে এক পুলিশকর্মী মই দিয়ে গাছে উঠে অনেক বুঝিয়ে সুজিয়ে তাঁকে গাছ থেকে নামান। তারপর উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয় মদ্যপ অশোককে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, উঠে পড়ার পর আর নামতে না পেরে গাছের উপরই শুয়ে পড়েছিলাম। নীচে পড়ে যাওয়ার ভয়ে গাছ থেকে নামছিলাম না। -নিজস্ব চিত্র